সাংসদের পরিদর্শন ও বিরোধ নিষ্পত্তি হবে বলে ঘোষণা!
রেল কর্তৃপক্ষ, ইজারা গ্রহীতা ও দখলদারদের নিয়ে বৈঠক করেই নাটোর রেলস্টেশনের সেই জমির মালিকানা নির্ধারণের ঘোষণা দিয়েছেন নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম। গতকাল শুক্রবার দুপুরে ওই প্লটটি পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন। একই সময় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় করার জন্য স্থাপন করা সাইনবোর্ডটিও সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।
সাংসদ শফিকুল ইসলাম গতকাল দুপুর সাড়ে ১২টায় নাটোর রেলস্টেশনের বহুল আলোচিত ওই জমি পরিদর্শনে যান। এ সময় ওই জমির দখলদার ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজিজুল ইসলামসহ দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে এ সময় সেখানে রেলের কোনো কর্মকর্তা ও জমির বৈধ মালিক প্রকৌশলী আনোয়ার হোসেন ছিলেন না।
উপস্থিত সবার সামনে বিতর্কিত ওই জমিতে দাঁড়িয়ে সাংসদ এই প্রতিনিধিকে বলেন, কাগজপত্র অনুযায়ী অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনোয়ার জমিটির মালিক হলেও তিনি কখনোই এটি ভোগ দখল করেননি। এই জমির ওপর হোটেল ও টেম্পোস্ট্যান্ড ছিল। এরপরও রেল কর্তৃপক্ষ কেন ওই প্রকৌশলীকে জমিটি ইজারা দিয়েছে তা জানা দরকার। তাই আগামী সপ্তাহে রেল কর্তৃপক্ষ, ইজারা গ্রহীতা ও দখলদারদের নিয়ে ত্রিপক্ষীয় সভা করা হবে। সেখানে আলোচনা করে জমির বিরোধ নিষ্পত্তি করা হবে।
জমির বৈধ মালিক থাকা সত্ত্বেও কেন এখানে আওয়ামী লীগ কার্যালয়ের জন্য সাইনবোর্ড স্থাপন করা হয়েছে—জানতে চাইলে সাংসদ বলেন, ‘সাইনবোর্ড স্থাপনের বিষয়টি আমি জানতাম না। প্রথম আলো পত্রিকা পড়ে জেনেছি।’ বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাইনবোর্ডটি সেখানে না রাখতে সাংসদ উপস্থিত নেতাদের নির্দেশ দেন। একইসঙ্গে তিনি ওই জমির কিছু অংশ মানবিক কারণে টেম্পোস্ট্যান্ড হিসেবে ব্যবহারেরও অনুমতি দেন। তবে গতকাল বেলা সাড়ে তিনটা পর্যন্ত দলীয় কার্যালয়ের সাইনবোর্ডটি ওই জমিতে দেখা গেছে।
ইজারাদার অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘আমার পরিবারের ১২ জন সদস্যের নামে এই জমির বৈধ কাগজপত্র রয়েছে। রেলের ভ্রাম্যমাণ আদালত আমাদের জমিটির দখল বুঝিয়ে দিয়েছেন। পরে তাঁরা (কাউন্সিলর আরজু শেখ) দখল করে নেন।’ তিনি আরও বলেন, ‘মাননীয় সাংসদ রেল কর্তৃপক্ষকে নিয়ে বসলে আমি সেখানে থাকব।’