সাংসদের প্রতি নেতাদের গোসসা
নেতাদের ধারণা ছিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রতি নয় টন করে গম বরাদ্দ পাবেন। উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কোটা এর চেয়ে বেশি না হলেও কম হবে না। কিন্তু ইউনিয়নের নেতারা দুই টন করে বরাদ্দ পেলেও বাতিল করা হয়েছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোটা।
এ নিয়ে সাংসদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। সঙ্গে যোগ দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ। বিশেষ করে উপজেলার ছয় ইউনিয়নের অধিকাংশ নেতা নির্ধারিত সময়ে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের (টিআর) বরাদ্দ না নিয়ে সাংসদ নাজমুল হাসানের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদের সূচনা করেন। নাজমুল হাসান কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাংসদ।
জানা গেছে, সাংসদের বিশেষ বরাদ্দ হিসেবে এ উপজেলায় ৮০ টন গম আসে। এর আগে এ ধরনের বরাদ্দে নেতৃত্ব দিতেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। এবার দায়িত্ব পান তাঁরই বড় ভাই শিল্পপতি মুসা মিয়া। সাংসদের এমন সিদ্ধান্তে আওয়ামী লীগের নেতৃত্ব বেঁকে বসেন। আর এ কারণেই ইউনিয়নের নেতারা নির্ধারিত সময় পার হয়ে গেলেও বরাদ্দ নেননি। এতে করে প্রকল্পের বরাদ্দ ফেরত পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সাংসদের নির্দেশ উপজেলার ফরিদপুর, উসমানপুর, সালুয়া, ছয়সূতি, গোবরিয়া আবদুল্লাহপুর ও রামদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে দুই টন করে বরাদ্দ রাখা হয়। ২৯ জুন ছিল প্রকল্প জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ে ইউনিয়নের কোনো নেতা প্রকল্প জমা দেননি। বিষয়টি সাংসদের নজরে এলে তাঁর প্রতিনিধিরা যোগাযোগ করেন। ৩০ জুন গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের সভাপতি বাক্কার মিয়া, সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম, রামদির সভাপতি আলাউদ্দিন, সালুয়ার সাধারণ সম্পাদক নীল মিয়া এবং ছয়সূতির সাধারণ সম্পাদক এহসানুল হক বরাদ্দ গ্রহণ করেন। বাকিরা সাংসদের প্রতি অসন্তোষ প্রকাশ করে বরাদ্দ নেওয়া থেকে বিরত থাকেন।
ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আজিজুল্লাহ বলেন, ‘এমপি আমাদের কথা শোনেন না। তাঁর জনবিচ্ছিন্নতার কারণে দলের বারোটা বাজতে বসেছে। এ অবস্থায় দুই টন গম দিয়ে দল বাঁচবে না।’
সালুয়া আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মিয়া বলেন, ‘দপ্তরি নিয়োগেও আমাদের কোনো ক্ষমতা রাখা হয়নি। এমপি তাঁর নিজের লোক দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছেন।’ ছয়সূতি ইউনিয়নের সভাপতি হিরা মিয়া সরকার, উসমানপুরের সভাপতি আমিনুল ইসলামসহ অন্যরা বিষয়টিকে দেখছেন সাংসদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে।
কুলিয়ারচর উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম কিবরিয়া বলেন, ‘কোনো সিদ্ধান্তে সাংসদ আমাদের কথা মাথায় রাখেন না। ঢাকায় বসে তিনি তাঁর মতো করে টিআর বরাদ্দ দিলেন।’
উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. কায়কোবাদ বলেন, সাংসদের আচরণের কারণে কুলিয়ারচরে এরই মধ্যে দল অনেক ক্ষতির মধ্যে পড়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বলেন, ‘সারা দেশে টিআর-কাবিখার বরাদ্দ নেওয়ার জন্য নেতারা মুখিয়ে থাকে, আর আমার এখানে উল্টো। এখানে বোঝার অনেক কিছু আছে।’
জানতে চাইলে সাংসদ নাজমুল হাসানের একান্ত সচিব আরিফুর রহমান বলেন, ‘যাঁরা নেননি, তাঁরা বলেছেন পরে বেশি করে নেবেন। এখানে সাংসদের বিরুদ্ধে প্রতিবাদের কিছু আছে বলে আমি মনে করি না।’