নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দলের সাংসদ (নোয়াখালী-২ আসন) মামুনুর রশিদ কিরণের বড় ভাই স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ। এ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছে।
গতকাল রোববার চৌমুহনী পৌর এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বেশ কয়েকজন দলীয় নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদ সাইফুল্লাহর পক্ষে পোস্টার ও বিলবোর্ড টাঙিয়ে প্রচারণা চালানো হয়। এসব প্রচারণায় নৌকা প্রতীকে ভোটও চাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন চাননি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্লাহ প্রথম আলোকে বলেন, তিনি তো (খালেদ সাইফুল্লাহ) আওয়ামী লীগের কাছে মনোনয়ন চাননি, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নেতা-কর্মীদের দলের প্রার্থীর পক্ষে কাজ করতে বলা হয়েছে। কেউ যদি না করেন, সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে নাম না প্রকাশের শর্তে কয়েকজন নেতা বলেন, খালেদ সাইফুল্লাহ সাংসদের ভাই হিসেবে নির্বাচনে থাকলে তা দলীয় প্রার্থীর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ, সাংসদকে খুশি রাখতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর বড় ভাইয়ের পক্ষে মাঠে নামতে পারেন।
জানতে চাইলে আওয়ামী লীগদলীয় মেয়র প্রার্থী বর্তমান মেয়র আক্তার হোসেন ওরফে ফয়সল প্রথম আলোকে বলেন, ‘আমি আমার ভোট করছি, এসব বিষয়ে আমি কিছু বলব না।’
খালেদ সাইফুল্লাহ বলেন, তিনি মেয়র পদে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। তবে অসুস্থতার কারণে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন, সুস্থ হলে এলাকায় ফিরবেন।