সাংসদের বাসায় বোমা বিভিন্ন স্থানে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার বগুড়া, সাতক্ষীরা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছেন। বগুড়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ আবদুল মান্নানের বাসায় পেট্রলবোমা দিয়ে আগুন ধরিয়ে দেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: গতকাল সন্ধ্যা সাতটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের ক্ষমতাসীন দলের সাংসদ আবদুল মান্নানের বগুড়া শহরের চকলোকমান এলাকার দোতলা বাসায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও পেট্রলবোমা ছোড়েন। এতে পুরো বাসা পুড়ে যায়। সাংসদ ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় কেউ হতাহত হননি।
এর আগে সকাল থেকে শিবিরের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে লাঠিসোঁটা, তির-ধনুক, পেট্রলবোমা, হাতবোমা ও দেশীয় অস্ত্র হাতে অবস্থান নেন। বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হাতবোমার বিস্ফোরণ ঘটান। জামায়াত-শিবিরের কর্মীরা কাহালু উপজেলা প্রেসক্লাবে হামলা চালান। স্থানীয় দৈনিক মুক্তসকালের সাংবাদিক মনসুর রহমান ও দৈনিক ভোরের ডাক-এর সাংবাদিক আবদুল মতিনকে পিটিয়ে আহত করা হয়।
সাতক্ষীরা: সাতক্ষীরা-আশাশুনি ও সাতক্ষীরা-খুলনা সড়কের অবরোধ অপসারণ করতে গেলে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়। সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা।
এ ছাড়া সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের আলীপুর চেকপোস্ট, সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর, সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা, কলারোয়া আমান উল্লাহ কলেজের সামনে, সোনাবাড়িয়া সড়ক, তালা ইসলামকাটি, সুভাষিণীসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়।
ফরিদপুর: বেলা দুইটার দিকে শিবিরের কর্মীরা শহরের নিলটুলী মহল্লার মুজিব সড়কে দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটান। ফলে সড়কে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এর আগে ভোরে নগরকান্দা উপজেলা কমপ্লেক্সের ভেতর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
লাকসাম (কুমিল্লা): দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় মিছিল থেকে পাঁচটি ককটেল ফাটানো হয়। পরে তাঁরা ওই এলাকায় অবস্থিত দুটি ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা শহরের প্রধান সড়ক, ব্যাংক সড়ক এবং নোয়াখালী সড়কে ১০টি দোকান, তিনটি মোটরসাইকেল, কয়েকটি অটোরিকশা, ট্রাকসহ কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করেন।
সকাল আটটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মনোহরগঞ্জের নাথেরপেটুয়া স্টেশন বাজারে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা তিনটি অটোরিকশা ভাঙচুর করেন এবং চারটি ককটেল বিস্ফোরণ ঘটান। তখন আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগের কর্মী আবু খায়ের ও মোস্তফা কামালকে কুপিয়ে আহত করেন। তাঁদের কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বেলা সোয়া তিনটার সময় নাথেরপেটুয়ায় পুলিশ ও জামায়াত-শিবিরের সংঘর্ষে আনোয়ার হোসেন (১৭) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সে পেটুয়া ইউনিয়নের ধোপামুড়ি গ্রামের আবু তাহেরের ছেলে।
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, রাত পৌনে আটটার দিকে উপজেলার বরাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ছাত্রশিবিরের কর্মীরা মালবাহী দুটি কাভার্ড ভ্যান পুড়িয়ে দেন।