সাংসদের বাসায় শিক্ষকের অপসারণ দাবিতে ছাত্রীদের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা গতকাল রোববার শিক্ষকের যৌন হয়রানির প্রতিবাদে আবারও শহরে বিক্ষোভ মিছিল করেছে। তারা অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবি করে হবিগঞ্জ সদর আসনের সাংসদ আবু জাহিরের বাসভবনে অবস্থান নেয়। সাংসদ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাদের শান্ত করেন।ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংসদের বাসভবনে একটি সালিসি বৈঠক হয়। বৈঠকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সাংসদের পক্ষ থেকে ওই শিক্ষককে আগামী ১৫ দিন স্কুলে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের উসকানি দেওয়ার অভিযোগে স্কুলের খণ্ডকালীন দুজন শিক্ষককেও ১৫ দিন স্কুলে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই বৈঠকে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুন্নবী, হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সব শিক্ষক, স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও ছাত্রীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সাংসদ বৈঠকে সবার অভিযোগ ও বক্তব্য শুনে চার সদস্যের একটি প্রতিনিধিদল পাঠান অভিযোগকারী ছাত্রীর বাসায়। ছাত্রী তার ওপর শিক্ষকের অনাকাঙ্ক্ষিত আচরণ তুলে ধরে এ প্রতিনিধিদলের কাছে। হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আক্তার চৌধুরী বলেন, সাংসদ সবার বক্তব্য শুনে ওই শিক্ষককে ১৫ দিন স্কুলে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। সাংসদ আবু জাহির বলেন, ‘বিষয়টি মীমাংসার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছি। এ কমিটিতে শহরের তিনটি স্কুলের প্রধান শিক্ষকেরা রয়েছেন। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে খণ্ডকালীন শিক্ষকদের স্কুলে না আসার সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রীরা স্কুলের বিভিন্ন আসবাবপত্র, দরজা-জানালা ভাঙচুর করে।স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুলের এক ছাত্রী এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ এনে ৭ এপ্রিল প্রধান শিক্ষিকার কাছে লিখিত অভিযোগ দেয়। পাশাপাশি হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে একই বিষয়ে অভিযোগ করে সে। হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুন্নবী অভিযোগ পেয়েই নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীকে তা তদন্তের দায়িত্ব দেন।