মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বগুড়া, শেরপুর, সিরাজগঞ্জ ও নাটোরে নাশকতা চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। সিরাজগঞ্জ ও শেরপুরে অবরোধকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। সিরাজগঞ্জে পুলিশের ছোড়া রাবার বুলেটে একজন আহত হয়েছেন। বগুড়ার কাহালু প্রেসক্লাবে হামলা চালানো হয়েছে। এতে দুই সাংবাদিক আহত হয়েছেন। বগুড়া শহরের বিভিন্ন সড়কে অর্ধশত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমা হামলা হয়েছে বগুড়ার সাংসদ আবদুল মান্নানের বাসায়। নীলফামারীতে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে।
এদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধে গত বুধবার শেরপুর শহরে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। লালমনিরহাটের পাটগ্রামে এক বিএনপি নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন ওই দলের নেতা-কর্মীরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: গতকাল বেলা দেড়টার দিকে শহরের বাহিরগোলা খাদেমেরপুল এলাকায় জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা মিছিল বের করেন। এ সময় সেখানে পুলিশের একটি পিকআপ পৌঁছালে সেটি লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়। এ সময় জামায়াত-বিএনপি ও পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে রুবেল (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধী আহত হন। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদগঞ্জ মহল্লার আবদুল হামিদ সরকারের ছেলে।
বগুড়া: গতকাল বগুড়া শহরকে অনেকটা অবরুদ্ধ করে রাখেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা সড়ক-মহাসড়কে লাঠিসোটা, তির-ধনুক, পেট্রলবোমা, হাতবোমা ও দেশীয় অস্ত্র হাতে অবস্থান নিয়েছেন। শহরের ইয়াকুবিয়া মোড়, সেউজগাড়ি আমতলা মোড়, স্টেশন সড়কসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও বৈদ্যুতিক খুঁটি ফেলে বগুড়াকে সারা দেশ থেকে একরকম বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জামায়াত-শিবির কর্মীরা কাহালু প্রেসক্লাবে হামলা চালিয়েছেন। এ সময় স্থানীয় দৈনিক মুক্তসকালের সাংবাদিক মনসুর রহমান ও দৈনিক ভোরের ডাক-এর সাংবাদিক আবদুল মতিনকে পিটিয়ে আহত করা হয়। সন্ধ্যা সাতটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের ক্ষমতাসীন দলের সাংসদ আবদুল মান্নানের বগুড়া শহরের চকলোকমান এলাকার বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করলে বাসার কয়েকটি বাসা পুড়ে যায়।
রাজশাহী: রাত নয়টার দিকে নগরের সাগরপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক ওমর ফারুক চৌধুরীর বাসায় ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে পুলিশ এসে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়লে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। পরে পুলিশ দেড় শতাধিক রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সন্ধ্যার পরপরই বিজিবি মোতায়েন করা হয়।
দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সন্ধ্যার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিমিছিল বের করেন। রাত সোয়া আটটার দিকে উপজেলা নির্বাচন কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রলবোমা ছোড়া হয়। একটি বোমা বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
নাটোর: বুধবার রাতে নাটোর-পাবনা ও নাটোর-ঢাকা মহাসড়কের বেশকিছু গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়। গতকাল সকালে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী নাটোর শহরের মাদ্রাসামোড় থেকে লাঠি মিছিল বের করেন। মিছিল থেকে শহরের কয়েকটি ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়।
শেরপুর (বগুড়া): গতকাল দুপুর থেকে শেরপুর এলাকার মির্জাপুর আমবাগান থেকে ছোনকা বাজার এবং মহিপুর থেকে গাড়িদহ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অবরোধ করে রাখা হয়। পরে অবরোধকারীরা বেশ কিছু গাছ ও টায়ারে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। বুধবার রাত সাতটায় শহরের ধুনট রোড এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময় স্থানীয় একটি মার্কেটের সামনে এবং রাত সাড়ে ১০টায় শহরের নবমী সিনেমা হল আবাসিক এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
নীলফামারী: জামায়াত-শিবির কর্মীরা গতকাল সন্ধ্যায় জলঢাকা-ডোমার ডিমলা সড়কের সাইডনালা বাজারে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা গাছের গুঁড়ি ফেলে ওই সড়কের বিভিন্ন স্থান অবরোধ করে রেখেছেন।
লালপুর (নাটোর): বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিলমাড়িয়া বাজারে আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা বিলমাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আনেজ উদ্দিনের ছেলে মোস্তাফিজুরের মুঠোফোনের দোকান, রেজাউলের হার্ডওয়্যার ও বুলবুলের মুঠোফোনের দোকানে ভাঙচুর চালান।
অপর দিকে জামায়াত-শিবির কর্মীরা ইসমাইলের মুদি দোকান, দিলীপের স্বর্ণের, মকবুলের চালের, কাজলের ফলের, আলমের চায়ের দোকানে ভাঙচুর চালান।