সাংসদের বাড়িতে বোমা হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আফাজ উদ্দীন আহমেদের বাড়িতে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে আবদুস সালাম ওরফে ডিকেন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোররাতে মেহেরপুরের গাংনী উপজেলার মুহাম্মদপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বোমা হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিকেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বোমা হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে হাজির করা হবে। ইলেকট্রনিক মিস্ত্রি ডিকেন প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি বোমা তৈরির সঙ্গে জড়িত ছিলেন। গত ১৩ নভেম্বর রাতে সাংসদ আফাজ উদ্দীনের বাড়িতে বোমা হামলার ঘটনায় এক শিক্ষকসহ দুই হামলাকারী নিহত হন। এ ঘটনায় মামলার প্রধান আসামি জাহিদুল ইসলাম, জামিরুল ইসলাম ওরফে বোমারু মরু ও মিন্টু নামের তিনজন জেলহাজতে আছেন।