সাংসদের বাড়িতে সমঝোতা বৈঠকে একজন ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় গত সোমবার রাতে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওয়াদুদের বাড়িতে সমঝোতা বৈঠকে এক ব্যক্তি ছুরিকাহত হয়েছেন। উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে সমঝোতার জন্য ওই বৈঠক ডাকা হয়েছিল। পরে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক পণ্ড হয়ে যায়।
আহত ওই ব্যক্তির নাম জিল্লুর রহমান (৪৫)। তাঁর বাড়ি উপজেলার জিউপাড়া (বগুড়াপাড়া) গ্রামে। তিনি ২৩ মার্চ অনুষ্ঠেয় পুঠিয়া উপজেলা নির্বাচনে দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আহসানুল হক ওরফে মাসুদের সঙ্গে গণসংযোগে বের হয়েছিলেন। সেখান থেকে রাতে সাংসদের বাড়িতে আসেন। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০ ফেব্রুয়ারি পুঠিয়া উপজেলা নির্বাচনের প্রার্থী নির্ধারণের জন্য তৃণমূলের ভোটাভুটি হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আহসানুল হক দলীয় সমর্থন পান। ভোটাভুটিতে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক হেরে যান। ভোটাভুটিতে অংশ না নিলেও পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে সমঝোতা করে একক প্রার্থী নির্বাচনের জন্য সাংসদ আবদুল ওয়াদুদ সবাইকে সোমবার রাতে তাঁর বিড়ালদহ গ্রামের বাড়িতে ডাকেন।
দলীয় প্রার্থী আহসানুল হক বলেন, রাত সাড়ে ১২টার দিকে ঘটনার সময় তিনি সাংসদের কক্ষে তাঁর সঙ্গে কথা বলছিলেন। কক্ষের বাইরে তাঁর কর্মী জিল্লুর রহমান অপেক্ষা করছিলেন। এ সময় তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটে। সেখানে উপস্থিত ছিলেন আহত জিল্লুর রহমানের আত্মীয় আবদুল গফুর।
গফুর বলেন, রাত সাড়ে ১২টার দিকে তাঁরা সাংসদের বাড়ির বাইরে এসে দাঁড়ালে আবদুল মালেক জিল্লুরকে গালাগালি করেন। একপর্যায়ে তাঁর মুখে একটি ঘুষি মারেন। এরপর সবাইকে মারতে হুকুম দেন। সেখানে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তাঁর বাঁ ঊরুতে ক্ষত হয়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক মুঠোফোনে বলেন, সমর্থকদের মধ্যে এটা হয়েছে। এর সঙ্গে তিনি জড়িত নন।
জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনার অনেক পরে সেখানে গেছেন।
সাংসদ কাজী আবদুল ওয়াদুদ বলেন, আহত ব্যক্তির চিকিৎসার সব দায়দায়িত্ব তিনি নিয়েছেন।