সাংসদের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, শিক্ষা কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ কর্মসূচির চতুর্থ দিন ও জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার খুলনা ও সাতক্ষীরায় অবরোধ-সমর্থকেরা বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন।
গত সোমবার রাতে রাজবাড়ী-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলীর বাড়ির কাছে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। একই রাতে ফরিদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, নিজস্ব কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: সকালে ১৮ দলের নেতা-কর্মীরা সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা কদমতলা ও সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটান। সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর ও বুধহাটা, সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটাসহ জেলার বিভিন্ন সড়ক অবরোধ করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, বেলা ১১টার দিকে কদমতলা এলাকার ও বেলা দুইটার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের সব অবরোধ অপসারণ করা হয়েছে।
খুলনা: নগরের ইকবালনগর মোড়ে গতকাল সকাল সোয়া আটটার দিকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা একটি ইজিবাইক ভাঙচুর করেন।
এ ছাড়া খুলনা বেতারের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে ছাত্রদল। সকাল নয়টার দিকে পিটিআই মোড় থেকে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল বের হয়। মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ হয়।
রাজবাড়ী: জেলা মহিলা যুবলীগের সভানেত্রী ও রাজবাড়ী-১ আসনের সাংসদের ভাইয়ের স্ত্রী মীর মাহফুজা খানম জানান, তাঁদের বাড়ির প্রাচীরের সামনে রাত নয়টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণ ঘটানোর পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এই সময় সাংসদ বাড়িতে ছিলেন না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফরিদপুর: সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গত সোমবার দিবাগত রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ইউপিইও) কক্ষের পাঁচটি চেয়ার, একটি কম্পিউটার, একটি ঘড়ি ও চারটি জানালার পর্দা পুড়ে গেছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবরোধকারীরাই এ ঘটনা ঘটিয়েছে। তারা ইউপিইওর কক্ষের জানালার কাচ ভেঙে কাপড়ে আগুন ধরিয়ে ভেতরে ছুড়ে মারে। গতকাল দুপুরে জেলা প্রশাসক আবু হেনা মঞ্জুর মোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউপিইও সিরাজুল হক জানান, সোমবার রাত আটটা পর্যন্ত তিনি তাঁর কক্ষে কাজ করেন। গতকাল সকালে তিনি তাঁর কক্ষের দরজা খুলে দেখতে পান কিছু আসবাব ও কম্পিউটার পুড়ে গেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুদ্দিন বলেন, এই ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নৈশপ্রহরীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।