প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনের সরকারদলীয় সাংসদ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে সরকারি বরাদ্দ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক থেকে পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেনের কাছে চিঠি দিয়ে এ-সংক্রান্ত যাবতীয় নথি তলব করা হয়েছে। চিঠিতে ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরে টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের আওতায় বিতরণ করা যাবতীয় সরকারি বরাদ্দের নথিপত্র ২৩ জানুয়ারির মধ্যে দিতে বলা হয়। দুদকের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক-২ সৈয়দ ইকবাল হোসেনের পক্ষে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন গতকাল দুপুরে ইউএনও আবুল হোসেনের সঙ্গে দেখা করে চিঠি হস্তান্তর করেন। বিষয়টি স্বীকার করে দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন বলেন, ‘নথিগুলো যাচাই-বাছাই করে আমরা পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব।’