সাংসদের বিদ্যুৎকেন্দ্র ধলেশ্বরী দখল করে!
>
- প্রশাসন বলছে, খাসজমি ও নদী মিলিয়ে আড়াই একর জমি দখল করেছে ডরিন পাওয়ার।
- নদী কমিশনের মতে, ভরাট ১০ একর জমিই ধলেশ্বরীর।
ধলেশ্বরী নদীর একটি অংশের প্রবাহ আটকে দিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ডরিন পাওয়ার লিমিটেড নামের একটি কোম্পানি। তবে নদী রক্ষায় শক্ত অবস্থান নিয়েছে জাতীয় নদী কমিশন ও মানিকগঞ্জ জেলা প্রশাসন। ইতিমধ্যে মামলাও করা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ওই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ঝিনাইদহ-২ আসনের সরকারদলীয় সাংসদ তাহ্জীব আলম সিদ্দিকী। আওয়ামী লীগ থেকে নির্বাচিত মানিকগঞ্জের একজন সাংসদও এর সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সিঙ্গাইর উপজেলায় প্রায় ১০ একর জমিতে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। মানিকগঞ্জ জেলা প্রশাসনের হিসাবে, এর জন্য যে জমি ভরাট করা হয়েছে, তার মধ্যে এক একর ধলেশ্বরী নদীর জমি এবং দেড় একর খাসজমি। সিঙ্গাইর উপজেলা প্রশাসন বিদ্যুৎকেন্দ্রটির বিরুদ্ধে দুটি মামলা করেছে।
তবে জাতীয় নদী কমিশনের সভাপতি মুজিবর রহমান হাওলাদার প্রথম আলোকে বলেন, বিদ্যুৎকেন্দ্রটির জন্য যে ১০ একর জমি ভরাট করা হয়েছে, তার পুরোটাই ধলেশ্বরী নদীর জায়গা। জোয়ারের সময় সর্বোচ্চ যতটুকু পানি উঠবে, ততটুকু নদীর সীমানা। ডরিনের বিদ্যুৎকেন্দ্রটি সেই হিসাবে পুরোপুরি নদীর মধ্যে করা হচ্ছে।
মুজিবর রহমান হাওলাদার বলেন, ‘আমরা জেলা প্রশাসনকে বলেছি, তারা যাতে ওই সব স্থাপনা উচ্ছেদ করে নদীকে তার জমি ফিরিয়ে দেয়। ডরিন ছাড়া আরও যারা সেখানে নদীর জমি দখল করেছে, তাদের তালিকাও আমরা তৈরি করে উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে বলেছি।’
বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য স্থানীয় প্রশাসন থেকে অনাপত্তিপত্র নেওয়ার নিয়ম থাকলেও তা নেয়নি ডরিন। বিদ্যমান আইনে এ ধরনের প্রকল্পের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। প্রতিষ্ঠানটি সেই ছাড়পত্র এখনো পায়নি।
ডরিন পাওয়ার লিমিটেড কর্তৃপক্ষ বলছে, মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন নামে একটি কোম্পানি গঠন করে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে তারা। এর জন্য জমি ভরাটের দায়িত্ব যাদের দেওয়া হয়েছিল, তারা ভুল করে ওই আড়াই একর সরকারি জায়গা ভরাট করে ফেলেছিল। ইতিমধ্যে তারা সেখান থেকে বালু সরিয়ে নিয়েছে।
উপজেলা প্রশাসন থেকে অনাপত্তিপত্র ও পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ডরিন কর্তৃপক্ষ।
জানতে চাইলে মানিকগঞ্জ জেলা প্রশাসন নাজমুছ সাদাত সেলিম প্রথম আলোকে বলেন, ‘আমরা ডরিন পাওয়ারের বিরুদ্ধে সরকারি খাসজমি ও নদীর জমি দখলের কারণে মামলা করেছি। তারা দখল করা জমি থেকে বালু সরিয়েছে। নদী ও সরকারি জমি রক্ষায় সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে।’
সরেজমিনে ঘুরে দেখা যায়, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ফোর্ডনগর গ্রামের প্রধান সড়কের পাশ ঘেঁষে বিশাল জায়গা বালু ফেলে ভরাট করা হয়েছে। চারপাশে দেওয়া হয়েছে সীমানাপ্রাচীর। নদীর ওপরে ভাষাশহীদ রফিকের নামে একটি সেতু আছে।
প্রকল্পের পাশে চায়ের দোকানে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, শুধু ওই বিদ্যুৎ প্রকল্প নয়, আরও কয়েকটি প্রতিষ্ঠান ধলেশ্বরীর জমি দখল করে পিলার পুঁতেছে।
স্থানীয় জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের একটি প্রতিনিধিদল সম্প্রতি ধলেশ্বরী নদীর ওই অংশ দেখতে যায়। তারা স্থানীয় জনগণ ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে।
নদী ও খাসজমি দখলের অভিযোগে ডরিন পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান নর্দান পাওয়ারের পরিচালক মো. মোস্তফা মঈনকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে গত ৩০ জুন মামলা করেছে সিঙ্গাইর ভূমি অফিস।
মামলার এজাহারে বলা হয়, সরকারি বাধা উপেক্ষা করে বিদ্যুৎকেন্দ্রের নামে ধলেশ্বরী নদীসহ ১১ একর ৩০ শতক জমিতে বালু ভরাট ও নদীতীরভুক্ত জমিতে অবৈধভাবে জোরপূর্বক অবকাঠামো নির্মাণ শুরু
করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় ভূমি অফিসের পক্ষ থেকে একাধিকবার বাধা দেওয়া হয়। সেই সঙ্গে
জেলা প্রশাসকের পক্ষ থেকে জায়গা পরিমাপ
করে কারণ দর্শানোর নোটিশ দিয়ে লাল নিশানা
টাঙিয়ে দেওয়া হয়। নির্মাণকাজ বন্ধের নির্দেশ
দেওয়া হয় নদী কমিশনের পক্ষ থেকেও। কিন্তু
কোনো নির্দেশ তারা মানছে না। তাই মামলাটি রুজু
করা হয়।
জানতে চাইলে ডরিন পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাংসদ তাহ্জীব আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘নিয়ম মেনে প্রকৃত মালিকের কাছ থেকে আমরা জমি কিনেছি।’
সাংসদ তাহ্জীব আলম সিদ্দিকী বলেন, সরকারের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে কাজটি দ্রুত করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন দাবি করে তিনি বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশে আমরা ইতিমধ্যে আড়াই একর জমি থেকে বালু সরিয়ে ফেলেছি। সরকার বললে আরও সরাব। নিয়ম মেনেই আমরা কাজ করব।’
দ্য পোর্টস অ্যাক্ট, ১৯০৮ অনুযায়ী, নদীর তীর থেকে তলদেশ পর্যন্ত পানিতে নিমজ্জিত ভূমি নদী বলে বিবেচিত। শুষ্ক মৌসুমে যে পর্যন্ত পানি থাকে এবং বর্ষাকালে নদীর তীরের যে পর্যন্ত পানি পৌঁছায়, তার সবটুকুই নদী এলাকা বলে বিবেচিত।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ১৬২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বিদ্যুৎ বিভাগে প্রস্তাব দেয় ডরিন পাওয়ার। গত বছরের নভেম্বরে কোনো দরপত্র ছাড়াই দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ আইনে প্রতিষ্ঠানটিকে ফার্নেস অয়েলভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয়।
এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল প্রথম আলোকে বলেন, শুধু ধলেশ্বরী নয়, দেশের বিভিন্ন স্থানে নদীর পাশে যেসব বিদ্যুৎকেন্দ্র ও প্রকল্প হচ্ছে, সেখানেই নদীর জমি দখল করা হচ্ছে।
নদীগুলো দখল হয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শরীফ জামিল বলেন, এভাবে চলতে থাকলে দেশের সব নদী খাল হয়ে যাবে। তিনি বলেন, সরকার নদী রক্ষায় যে অঙ্গীকার করেছে, তা পূরণ করবে কি না তা বোঝা যাবে এ ধরনের দখলের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় তা দেখে।