সাংসদের বিরুদ্ধে অনুদানের প্রতিশ্রুতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে স্থানীয় সাংসদ একাব্বর হোসেনের বিরুদ্ধে টাকা, টিআর, কাবিখা ও অনুদানের প্রতিশ্রুতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বর্তমান মেয়র ও এবারের মেয়র পদপ্রার্থী মোশারফ হোসেন এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশারফ হোসেন অভিযোগ করেন, সাংসদ একাব্বর হোসেন তাঁর চাচাতো ভাই সাহাদত হোসেনকে দলীয় মনোনয়ন পাইয়ে দেওয়ার জন্য ছাত্রলীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের সাতজনকে ভোটার করে প্রহসনমূলক গোপন ভোটের আয়োজন করান। যে কারণে তিনিসহ দলীয় মনোনয়নপ্রত্যাশী ওই নির্বাচন বর্জন করেন। পরবর্তী সময়ে তিনি মেয়র পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাঁকে দলীয় সভায় বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দীর্ঘ সাত বছর সাংসদ থাকাকালে পৌর এলাকার উন্নয়ন করেননি। এখন নির্বাচন এসেছে, এ কারণে তাঁর ভাইয়ের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে বিভিন্ন সভা-সমাবেশে প্রকাশ্যে টাকা, টিআর, কাবিখা ও অনুদানের ঘোষণা দিয়ে যাচ্ছেন। যার কারণে সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত হবে বলে তিনি আশঙ্কা করছেন। এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, সাংসদের ভাইয়ের পক্ষে কাজ না করায় তাঁর সমর্থক আওয়ামী লীগ নেতা-কর্মীদের বহিষ্কারসহ সাধারণ ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। এতে তাঁর নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবেন বলে জানান।অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী ও সাংসদের চাচাতো ভাই সাহাদাত হোসেন বলেন, কাউকে কোনো প্রকার হুমকি দেওয়া হচ্ছে না। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বর্তমান মেয়র অপপ্রচার চালাচ্ছেন। সাংসদ একাব্বর হোসেন তাঁর বিরুদ্ধে সব অভিযোগ বানোয়াট বলে দাবি করেছেন।