সাংসদের বিরুদ্ধে আ.লীগ নেতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানের বিরুদ্ধে হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ উঠেছে। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া তাঁর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।
এদিকে গত ২০ নভেম্বর পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশে হামলা ও শ্রমিকনেতা আবুল মনসুর ভূঁইয়াকে হত্যাকাণ্ডের প্রতিবাদে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার শোক র্যালি ও সমাবেশ হয়েছে।
বেলা ১১টায় দলীয় নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ও হাতে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হন।
সিরাজুল অভিযোগ করেন, তাঁর বড় ভাই আবুল মনসুর ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাটি ভিন্ন খাতে নিতে আনোয়ারুল আবেদিন খান তাঁর সমর্থকদের দিয়ে উপজেলা আওয়ামী লীগের ১২৮ জন নেতার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজুল ইসলাম ভূঁইয়া গত সোমবার দুপুের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেম উদ্দিন ফকির, শিক্ষাবিষয়ক সম্পাদক ইদ্রিস আলীসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন।
সিরাজুল ইসলাম লিখিত অভিযোগে বলেন, দলীয় কার্যক্রম বাধাগ্রস্ত করতে ও দলের অবস্থানকে দুর্বল করতে সাংসদ আনোয়ারুল আবেদিন খান তাঁর সমর্থকদের দিয়ে এ মামলাগুলো করিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার প্রস্তুতি নিতে সম্প্রতি কয়েকটি ইউনিয়নে কর্মী সমাবেশ হয়। গত ২০ নভেম্বর পৌর আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে তিনি এবং দলের সভাপতি সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালামসহ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে আনোয়ারুল আবেদিন খানের সমর্থকেরা পরিকল্পিতভাবে হামলা চালান। এ সময় সমাবেশস্থল থেকে ১৫০ গজ দূরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাঁর বড় ভাই আবুল মনসুর ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করে সাংসদের সমর্থকেরা।
সিরাজুল ইসলাম বলেন, ওই হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে (এফআইআর) আওয়ামী লীগের সমাবেশে হামলাকারীরা বর্তমান সাংসদের সমর্থক বলে উল্লেখ করা হয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, ভাই হত্যার অভিযোগে গত ২২ নভেম্বর বাদী হয়ে তিনি সাংসদের ৪৭ সমর্থককে আসামি করে নান্দাইল থানায় মামলা করেছেন। অপর দিকে এই হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে যে তিনটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এর মধ্যে দুটি মামলার বাদী ওই হত্যা মামলার আসামি। ওই তিন মামলায় ১৪ বছর আগে দল থেকে বহিষ্কৃত মো. আবদুল মতিন ভূঁইয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে আনোয়ারুল আবেদিন খানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি। তবে গত ২১ নভেম্বর এ প্রতিবেদককে তিনি বলেছেন, তাঁর কোনো সমর্থক ওই সমাবেশস্থলের আশপাশে ছিলেন না।