সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
পঞ্চগড়-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজাহারুল হক প্রধানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার মজাহারুল হক সদর উপজেলার কামাতকাজলদীঘি ও বগুলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।
গত সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। কমিশনের সংশোধিত আচরণবিধি ৩-এর ক ধারার ১-এ বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে কোনো সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফলক উন্মোচন করা যাবে না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আরজুমান্দ বানু বলেন, ‘সাংসদের বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ফলক উন্মোচনের কথা শুনেছি। তবে আমি ওই অনুষ্ঠানে যেতে পারিনি।’
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, তফসিল ঘোষণার পর কোনো সাংসদ ফলক উন্মোচন করতে পারেন না। এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরই শামিল। সাংসদ মজাহারুল হক প্রধান প্রথম আলোকে বলেন, দলীয়ভাবে প্রার্থী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাংসদ হিসেবে তিনি ফলক উন্মোচন করতে পারেন।