সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের বিরুদ্ধে জেলার বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার স্থানীয় একটি কলেজের দোতলা ভবন ও রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন তিনি।
পৌরসভা এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, দুপুরে বড়াইগ্রাম অনার্স কলেজের নবনির্মিত শহীদ মিনার, মুক্তমঞ্চ ও দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ কুদ্দুস প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি আবদুল করিম মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক মাহবুব উল হক বাচ্চু ও কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন বক্তব্য দেন।
এ সময় বড়াইগ্রাম পৌরসভার সরকারদলীয় মেয়র প্রার্থী আবদুল বারেক সরদার অনুষ্ঠানস্থলে আসা লোকজনের মাঝে নৌকা প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কয়েকজন বক্তা প্রধান অতিথির সামনে প্রকাশ্যে নৌকা মার্কায় ভোট চান। পরে প্রধান অতিথি আবদুল কুদ্দুস নামফলক উন্মোচনের মাধ্যমে কলেজের দোতলা ভবন, শহীদ মিনার ও মুক্তমঞ্চ উদ্বোধন করেন। সবশেষে কোদাল দিয়ে মাটি কেটে বড়াইগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের রয়না মোড় থেকে ভরতপুর পশ্চিমপাড়া ব্রিজ পর্যন্ত এবং ৭ নং ওয়ার্ডের চকবড়াইগ্রাম থেকে থানা পর্যন্ত দুটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি।
এ ব্যাপারে বিএনপি দলীয় প্রার্থী ইসাহাক আলী ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্বাচনের আগে এভাবে দোতলা ভবন ও রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করে সাংসদ ভোটারদের প্রভাবিত করতে চাচ্ছেন। তা ছাড়া কলেজের অনুষ্ঠানে যেভাবে একজন প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হয়েছে, সেটা ঠিক না। এটা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।’
এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে কেউ অভিযোগ করেননি।’
এ ব্যাপারে জানার জন্য বিকেলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাংসদ আবদুল কুদ্দুস মুঠোফোনে ধরেননি।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর বড়াইগ্রাম পৌরসভায় আবদুল কুদ্দুস ফিতা কেটে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট চান। এ ব্যাপারে একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হওয়ার পর আচরণবিধি ভঙ্গের দায়ে স্থানীয় সাংসদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা জানতে চেয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর নোটিশ পাঠায় নির্বাচন কমিশন।