কুমিল্লা-৯ আসনের আওয়ামী লীগের সাংসদ তাজুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী গতকাল শনিবার জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন।
বিএনপির মেয়র প্রার্থী শাহনাজ আক্তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, ‘গত শুক্রবার রাত থেকে লাকসাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া-সংলগ্ন বড়তুপা এলাকার নিজ বাড়িতে অবস্থান করছেন আওয়ামী লীগের সাংসদ মো. তাজুল ইসলাম। তিনি ওই বাড়িতে অবস্থান করে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন মনিটর করছেন, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের শামিল। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ মো. তাজুল ইসলাম গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘আমি বাড়িতে বসে কোনো ধরনের মিটিং করছি না। আমার স্ত্রী, দুই মেয়ে আমার সামনে বসে আছে। আমার এখানে আওয়ামী লীগের নেতা সাবেক মেয়র হাবিবুর রহমান ও অ্যাডভোকেট আবু তাহের আছেন। আর কেউ নেই।’
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে।’
নির্বাহী হাকিম ও লাকসামের সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল হক বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার চিঠি পেয়েছি। তদন্তকাজে বের হয়েছি।’
বিএনপির মেয়র প্রার্থী শাহনাজ আক্তার বলেন, বাংলাদেশের কোথাও কোনো সাংসদ নির্বাচনী এলাকায় অবস্থান করছেন না। এখানকার সাংসদ ১৩ ডিসেম্বরের পর থেকে দুই দফা এলাকায় এসেছেন। ১৫ ডিসেম্বর রাত থেকে ১৯ ডিসেম্বর বেলা ১১টা পর্যন্ত তিনি লাকসাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার ৩০৩ নম্বর বাসায় ছিলেন। এরপর শুক্রবার রাত থেকে তিনি পুনরায় ওই বাড়িতে অবস্থান করছেন। এখানে থাকাকালীন তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে সভা করেন, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল।