সাংসদের বিরুদ্ধে আত্মীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সরকারদলীয় সাংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়ার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও আত্মীয়করণের অভিযোগ উঠেছে। বিশেষ করে তিনি চিঠি (ডিও লেটার) দিয়ে তাঁর আত্মীয়স্বজনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি করেছেন বলে অভিযোগ রয়েছে।ফজলে রাব্বী বলেন, ‘ডিও লেটারের মাধ্যমে আমার কোনো আত্মীয়স্বজনকে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করা হয়নি। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার বিষয়ে আমার ও আমার আত্মীয়স্বজনের অবদান কিংবা ভূমিকা আছে, সেসব প্রতিষ্ঠানে তাঁদের সভাপতি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ঠিক নয়। আমি যেসব প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করছি, সেগুলোয় নিয়ম অনুযায়ী লোক নিয়োগ করা হয়েছে।’সাংসদের নির্বাচনী এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সাংসদের ডিও লেটারের মাধ্যমে তাঁর ভাগিনা জাকির হোসেন সাঘাটা উপজেলার কচুয়াহাট বালক উচ্চবিদ্যালয় ও কচুয়াহাট শহীদ এইচআরএম বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি হয়েছেন। এ ছাড়া সাংসদের ডিও লেটারের মাধ্যমে তাঁর মেয়ের শ্বশুর মজিবর রহমান একই উপজেলার সন্যাসদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ছোট ভাই ফেরদৌস রাব্বী শিমুলবাড়ি হামিদন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে, চাচাতো ভাই আজিজুল ইসলাম ভরতখালি উচ্চবিদ্যালয়ে, সংসদের ঘনিষ্ঠ বলে পরিচিত নাসিরুল আলম বোনারপাড়া ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে ও লুৎফর রহমান হলদিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে, মেয়ে ফারজানা রাব্বী ফুলছড়ি উপজেলার বুড়াইল স্কুল ও কলেজে, ভাতিজা হাবিবুর রহমান ফুলছড়ি পাইলট উচ্চবিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি নিয়োগ পেয়েছেন। এসব ব্যক্তিকে প্রতিষ্ঠানগুলোয় সভাপতি হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি জেলা শিক্ষা কার্যালয় নিশ্চিত করেছে।সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য তৌহিদুজ্জামান জানান, সাংসদ নিজে বোনারপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি। প্রভাব খাটিয়ে তিনি তাঁর ছোট ভাই ফরহাদ রাব্বীকে বোনারপাড়া কলেজের উপাধ্যক্ষ ও চাচাতো ভাই আহসানুল হাবীবকে ফুলছড়ি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন। এ ছাড়া তিনি দুই উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর আত্মীয়স্বজন ও সমর্থকদের সভাপতির দায়িত্ব দিয়ে শিক্ষক নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েছেন।বুড়াইল স্কুল ও কলেজের অধ্যক্ষ ইব্রাহীম আকন্দ জানান, বিধি অনুসরণ করে সভাপতি নির্বাচনের জন্য তিন ব্যক্তির নাম শিক্ষা বোর্ডে পাঠানো হয়। অথচ সাংসদ তাঁর মেয়েকে সভাপতি নির্বাচিত করার জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে চিঠি (ডিও লেটার) দেন। সাঘাটার শিমুলবাড়ি হামিদন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের অভিভাবক সদস্য মোনারুল ইসলাম জানান, সাংসদ প্রভাব খাটিয়ে তাঁর ভাইকে সভাপতি মনোনীত করেছেন। এ কারণে নির্বাচিত অভিভাবক সদস্যদের মধ্য থেকে পরিচালনা কমিটির সভাপতি হওয়ার সুযোগ নষ্ট হয়েছে। ফুলছড়ি ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য আরশাদ মিয়া জানান, সাংসদ প্রভাব খাটিয়ে তাঁর চাচাতো ভাই আহসানুল হাবীবকে উপাধ্যক্ষ পদে নিয়োগ করেছেন।ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম পারভেজ জানান, সাংসদের স্বজনপ্রীতি ও আত্মীয়করণের কারণে দুই উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হচ্ছে না। ফলে তাঁর কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।