সাংসদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বিএম বালিকা বিদ্যালয় সড়কে গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন হয়েছে। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে সাঁওতালদের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চবিদ্যালয় ওই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুকিতুর রহমান, প্রধান শিক্ষক আবদুর রশিদ সরকার ও সহকারী প্রধান শিক্ষক ননী গোপাল, শিক্ষক মাহাবুর আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি বিশেষ মহল সাঁওতালদের ব্যবহার করে গোবিন্দগঞ্জের সাংসদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তাই এ মামলা অবিলম্বে প্রত্যাহার করে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমিতে গত ৬ নভেম্বর আখ কাটা নিয়ে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এ সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। এ ঘটনার ১১ দিন পর সাঁওতালদের পক্ষে স্বপন মুরমু বাদী হয়ে প্রায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। একই ঘটনায় গত ২৬ নভেম্বর থোমাস হেমরম বাদী হয়ে সাংসদ আবুল কালাম আজাদ, সাপমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকিল আহম্মেদসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে আরেকটি মামলা করেন।