সাংসদের বিরুদ্ধে চাচাতো ভাইকে গুলির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ মোশতাক আহমেদ (রুহী) গতকাল রোববার বিকেলে ব্যক্তিগত রিভলভার দিয়ে তাঁর এক চাচাতো ভাইকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।
জানা গেছে, সাংসদ মোশতাকের ওই চাচাতো ভাইয়ের নাম মোস্তাফিজুর রহমান (চয়ন)। মোস্তাফিজ একসময় উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর তিনি যুবলীগে যোগ দেন। বর্তমানে তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সদস্য।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমানের প্রতিবন্ধী ছোট ভাই সুমন (৩০) কলমাকান্দার ছত্রংপুর গ্রামে নিজ বাড়ির নালা পরিষ্কার করছিলেন। সুমনের নালার পানি উপচে পড়ে তাঁর বাড়ির আঙিনা নোংরা হয়ে গেছে—এমন অভিযোগ তুলে সাংসদ মোশতাক তাঁকে মারধর করেন। মোস্তাফিজ তাঁর ভাইকে মারধরের বিষয়ে জানতে সাংসদের কাছে গেলে তিনি উত্তেজিত হয়ে ব্যক্তিগত রিভালবার দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মোস্তাফিজের ঘরের দেয়ালে লাগে।
মোস্তাফিজ অভিযোগ করেন, ‘আমার বোবা ছোট ভাই সুমনকে মারধরের বিষয়ে জানতে চেয়েছি বলে উত্তেজিত হয়ে সাংসদ আমাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। ভাগ্যগুণে আমি বেঁচে গেছি। বিষয়টি থানার পুলিশকে জানিয়েছি।’
তবে সাংসদ মোশতাক গুলি করার অভিযোগ অস্বীকার করে বলেন, বিভিন্ন প্রকল্প, ঠিকাদারি ব্যবসা ও তদবির বাণিজ্য করে মোস্তাফিজ বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে বলে এলাকাবাসী ও নেতা-কর্মীরা আমার কাছে অভিযোগ করেছে। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। তাকে ১৫ দিনের মধ্যে সবার টাকা ফেরত দিতে বলেছি। এ নিয়ে তাকে আমি শাসন করেছি। গুলির কোনো ঘটনা ঘটেনি। টাকা না দিতে সে এখন প্যাঁচের কথা তুলেছে।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘সাংসদের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা থেকে মোস্তাফিজ টাকা নিয়েছে বলে শুনেছি। বাড়ির নালা নিয়েও কথা-কাটাকাটি হয়েছে। তবে গুলির বিষয়ে কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি।’