সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী শাহজাহান গতকাল সোমবার এই লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণের আবেদন করলেও ঘটনার জন্য দায়ী সাংসদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।প্রকৌশলী মোহামঞ্চদ শাহজাহান গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, তিনিসহ তাঁর দপ্তরের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। যেকোনো সময় তাঁদের ওপর আবারও হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন। তিনি সড়ক বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তার দাবি জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে অবহিত করেছেন বলে জানান তিনি।এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি লিখিত অভিযোগ তাঁরা পেয়েছেন। অভিযোগটি সাংসদের বিরুদ্ধে হওয়ায় তাঁরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।এদিকে ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল কর্মবিরতি পালন করেছেন। কর্মচারী ইউনিয়নের ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম জানান, ঘটনার উপযুক্ত বিচারের দাবিতে এই কর্মবিরতি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁরা সংবাদ সম্মেলন করবেন। পাশাপাশি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ঝিনাইদহ-২ আসনের সরকারি দলের সাংসদ শফিকুল ইসলাম অপু গত রোববার দুপুরে সরকারি ছুটির দিনে মোহাম্মদ শাহজাহানকে বাসা থেকে ডেকে নিয়ে মুখে থাপড় মারেন। এরপর ধাক্কাতে ধাক্কাতে তাঁর অফিসে নিয়ে যান। পরে টেবিলে থাকা ডেস্ক ক্যালেন্ডার ছুড়ে মারলে তাঁর ঠোঁট কেটে যায়। একপর্যায়ে সাংসদ তাঁর সঙ্গে থাকা লোকজনকে নিয়ে চলে যান। ঠিকাদারেরা কেন সাংসদের সঙ্গে যোগাযোগ করেন না—এ প্রশ্ন তুলে লাঞ্ছিত করা হয়েছে বলে মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন। অবশ্য সাংসদ শফিকুল ইসলাম লাঞ্ছিত করার কথা অস্বীকার করেছেন।