সাংসদের বিরুদ্ধে দলীয় প্রার্থীর বিরোধিতার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবদুর রউফের বিরুদ্ধে দলীয় প্রার্থীর বিরোধিতা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার সংবাদ সম্মেলন করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি কুমারখালী শাখাসহ কয়েকটি সংগঠন। এর আগে এ ঘটনায় গত শনিবার উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করে।
ঘাতক দালাল নির্মূল কমিটি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) সাংসদ আবদুর রউফের বিরুদ্ধে ঘাতক দালাল নির্মূল কমিটির কুমারখালী শাখা, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১ও কুমারখালী মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি গতকাল সকালে ওই সংবাদ সম্মেলন করে। স্থানীয় মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ঘাতক দালাল নির্মূল কমিটি কুমারখালীর সভাপতি এ টি এম আবুল মনছুর। তিনিবলেন, সাংসদ আবদুর রউফের নির্দেশে তাঁর নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ ব্যক্তিরা আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিপক্ষে ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
সাংসদ আবদুর রউফের বিরুদ্ধে গত শনিবার বিকেলে শহরের গণমোড় চত্বরে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আকরাম হোসেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রশাসনের কাছে উপজেলা আওয়ামী লীগের ওই সমাবেশের অনুমতি নেওয়া ছিল না। এ কারণে বিকেল সোয়া চারটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম পুলিশ নিয়ে সমাবেশস্থলে যান। এ সময় ওই প্রতিবাদ সমাবেশ ১০ মিনিটের মধ্যে বন্ধের নির্দেশ দিয়ে সাহেলা আক্তার চলে যান। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ চলে যাওয়ার পর আবদুল মান্নান খান দীর্ঘ সময় বক্তব্য দেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, সাংসদ আবদুর রউফ পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সামছুজ্জামান অরুণের বিপক্ষে ও স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া খানের পক্ষে নির্বাচন করছেন।
অভিযোগের বিষয়ে সাংসদ আবদুর রউফ বলেন, ‘জাকারিয়া খান মান্নান খানের আপন ভাতিজা। আমার সঙ্গে জাকারিয়ার কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।’