সাংসদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেন দলের ত্যাগী ও বঞ্চিত নেতা-কর্মীরা। ছবিটি উপজেলার কাছিকাটা এলাকা থেকে তোলা l প্রথম আলো
নাটোরের গুরুদাসপুরে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেন দলের ত্যাগী ও বঞ্চিত নেতা-কর্মীরা। ছবিটি উপজেলার কাছিকাটা এলাকা থেকে তোলা l প্রথম আলো

নাটোর-৪-এর (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সাংসদ আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। তাঁরা গতকাল বৃহস্পতিবার সাংসদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
আব্দুল কুদ্দুস নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি। গতকালের কর্মসূচিতে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা, পৌর আওয়ামী লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় নেতা-কর্মীরা সাংসদের মেয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কোহেলী কুদ্দুস ও ছেলে আসিফ আব্দুল্লাহর বিরুদ্ধেও নানা অভিযোগ করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা সাংসদ ও তাঁর ছেলেমেয়ের বিরুদ্ধে ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন। এ সময় বনপাড়া-হাটিকুমরুল সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। বেলা ১১টার দিকে গুরুদাসপুরের কাছিকাটা বাসস্ট্যান্ড থেকে উপজেলার হাজীরহাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করা হয়। কর্মসূচি চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
পরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী। তিনি বলেন, সাংসদ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নেতা-কর্মীদের অবমূল্যায়ন করছেন। সাংসদের বিরুদ্ধে গত উপজেলা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে থাকার অভিযোগ রয়েছে। ২০১৬ সালের ইউপি নির্বাচনে আবদুল কুদ্দুস ও তাঁর মেয়ে কোহেলী কুদ্দুস তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করে একাধিক ইউনিয়নে তাঁদের পছন্দমতো প্রার্থীকে মনোনয়ন এনে দেন। এ নিয়ে তৃণমূল আওয়ামী লীগের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
সর্বশেষ ৬ মার্চ বড়াইগ্রাম উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে সমর্থন না করে সাংসদ আব্দুল কুদ্দুস বিএনপি-জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। এ ছাড়া গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচালনা কমিটির সভাপতি পদে পছন্দের লোক বসিয়ে তিনি নিয়োগ বাণিজ্য করছেন। সরকারি সোলার প্যানেল প্রকল্পের সব কাজ সাংসদের ছেলে আসিফ আব্দুল্লাহকে দিয়ে করানো হচ্ছে। এভাবে কোটি কোটি টাকার লুটপাট হচ্ছে। কোহেলী কুদ্দুসের বিরুদ্ধে দুস্থদের কম্বল লুটপাটের অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে সাংসদ কুদ্দুস ও তাঁর ছেলেমেয়েদের কর্মকাণ্ড তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে অনুরোধ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল বারী ও আনিসুর রহমান, উপজেলা মহিলা লীগের সভানেত্রী সাহিদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমরান শাহ, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মশিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী, খুবজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সরকার মেহেদী হাসান, বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক, বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান, চান্দাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য একে আজাদ প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ আবদুল কুদ্দুস গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দলের ভেতরে থাকা কতিপয় নেতা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে এ রকম অভিযোগ করছেন। আর তাঁর ছেলেমেয়েরা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন।