বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবদুল মান্নান ও তাঁর স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন মেয়র পদের প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী।
তাঁদের অভিযোগ, ভোট কারচুপি করতে নকল ব্যালট ও পুলিশের ২০০ ইউনিফর্ম তৈরি করেছেন সাংসদ। এ কারণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন তাঁরা।
বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র টিপু সুলতান, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ ফরাজি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক মেয়র আবদুল হামিদ সরদার গতকাল বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিন প্রার্থী অভিযোগ করেন, সাংসদ আবদুল মান্নান ও তাঁর স্ত্রী সাহাদারা মান্নান আওয়ামী লীগের প্রার্থী ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহীকে জেতাতে ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করেছেন। ভোট কারচুপি করতেই সাংসদ আবদুল মান্নান প্রভাব খাটিয়ে সারিয়াকান্দির নতুন ইউএনও যোগদান করার পরও তাঁকে ছুটিতে পাঠিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দিয়ে নানা কূটকৌশল চালাচ্ছেন। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় চাউর হয়ে গেছে, ভোট কারচুপি করতে পুলিশের ২০০ ইউনিফর্ম তৈরি করা হয়েছে। এ ছাড়া পুলিশকে দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের হয়রানি করা হচ্ছে। শুধু সাংসদের আস্থাভাজন হওয়ার কারণেই সারিয়াকান্দি থানার কোনো কোনো পুলিশের কর্মকর্তা তিন বছরেরও বেশি সময় ধরে রয়েছেন। সাংসদের আস্থাভাজন এসব পুলিশ এবং পছন্দের প্রিসাইডিং কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
লিখিত বক্তব্যে তিন প্রার্থীই বলেন, ভোট কারচুপি ঠেকাতে সারিয়াকান্দি পৌরসভার সব ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন।
তবে বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান বলেন, ‘ভোট কারচুপি বা দলীয় প্রভাব বিস্তারের যেসব অভিযোগ করা হচ্ছে, সবই মনগড়া। বিএনপির প্রার্থী টিপু সুলতান মেয়র হওয়ার সুবাদে পৌরসভার লাখ লাখ টাকা লোপাট করেছেন। নিজের বাসাকে পৌরসভার কার্যালয় দেখিয়ে ভাড়া হিসেবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। পৌরভবন নির্মাণের জন্য আমি বরাদ্দ এনেছি, অথচ মেয়র বরাদ্দের অর্থ তছরুপ করেছেন। পৌরসভার কোনো উন্নয়ন করেননি। ভোটাররাই ব্যালটের মাধ্যমে এসব অপকর্মের জবাব দেবেন। তা ছাড়া সাংসদ হওয়ার পর থেকে সাত বছর ধরে এলাকাবাসীর পাশে আছি। বিপুল ভোটে এখানে নৌকা বিজয়ী হবে।’
সাংসদ বলেন, স্বতন্ত্র যে দুজন প্রার্থীকে আওয়ামী লীগের বিদ্রোহী বলা হচ্ছে, তাঁদের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।