সাংসদের বিরুদ্ধে বাদীর পরিবারকে ভয়ভীতি দেখানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ তাঁর বিরুদ্ধে ইটভাটা দখল এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলা তুলে নিতে বাদীর পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
পাইকগাছা উপজেলার দেবদুয়ার শাহাপাড়া গ্রামের ফিরোজা বেগম ওই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৬ এপ্রিল সাংসদ নূরুল হক ছেলেকেসহ ৬০ থেকে ৬৫টি মোটরসাইকেলে করে ১৫০ থেকে ২০০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁর স্বামী মহিউদ্দিন খানের ইটভাটার পার্শ্ববর্তী রুহুল আমিন খানের ইটভাটায় হামলা চালান। হামলাকারীরা তাঁদের বাড়িতেও হানা দেন এবং তাঁদের ব্যাপক মারধর করেন। হামলাকারীরা লুটপাট করে ৫ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যান। এ সময় তিনি পা জড়িয়ে ধরলেও নূরুল হক তাঁকে লাথি মেরে ফেলে দেন। ওই দিন সন্ত্রাসীদের আঘাতে তাঁর দেবরের ছেলের স্ত্রীর পেটের বাচ্চা মারা যায়। এ ঘটনায় পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানালে আদালতে মামলা করা হয়।
ফিরোজা বেগম আরও বলেন, নূরুল হক ও তাঁর ছেলে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছেন।
সাংসদ শেখ মো. নূরুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।