ঘুষ নিয়ে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষকসহ অন্য পদে নিয়োগ দেওয়ার অভিযোগে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ এবং ওই কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল সোমবার কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলসহ ক্যাম্পাসে পৃথক কর্মসূচি পালন করেন।
দুপুরে ছাত্রলীগের মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাকিল আকন্দ, শামীম মিয়া, আল আমিন প্রমুখ। সকালে ছাত্রদলও আলাদাভাবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে অধ্যক্ষের কার্যালয়ের সামনে সংগঠনটি সমাবেশ করে। সমাবেশে বক্তৃতা করেন ছাত্রদলের কলেজ শাখার সভাপতি আবদুল মজিদ, সম্পাদক মোশাররফ হোসেন, রতন সরকার প্রমুখ। উভয় সমাবেশে বক্তারা সাংসদের দেওয়া নিয়োগ বাতিল করার দাবি জানান। সাত দিনের মধ্যে এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।
জানা গেছে, ২০১২ সালে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, বাংলা, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক ও নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটরের শূন্য পদে লোক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। এই আটটি পদের বিপরীতে ৮৬টি আবেদন জমা পড়ে। চলতি বছরের ২০ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পরই অধ্যক্ষ ও বাংলা বিষয়ের প্রভাষক পদ বাদে অন্য ছয়টি পদে সাংসদ মনোয়ার হোসেন ঘুষ নিয়ে নিয়োগ দেন বলে অভিযোগ ওঠে। নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীরা গত রোববার সকালে কর্মস্থলে যোগদান করেন। এ খবর ছড়িয়ে পড়লে কর্মরত শিক্ষক-কর্মচারী এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সাংসদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।