সাংসদের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যানের মামলা
খুলনার দাকোপ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেত্রী জয়ন্তী রানী সরদারকে মারধরের অভিযোগে খুলনা-১ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ননী গোপাল মণ্ডলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জয়ন্তী রানী বাদী হয়ে বৃহস্পতিবার খুলনার একটি আদালতে এই মামলা করেন। আদালত বাদীর আরজি গ্রহণ করে বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত ও আগামী ৩ মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। মামলার অপর পাঁচ আসামি হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সনৎ কুমার হুই, শ্যাম সুন্দর মণ্ডল, মাখন চক্রবর্তী, দেবদাস মণ্ডল ও অচিন্ত্য সাহা। মামলার আরজিতে বলা হয়েছে, ১৩ এপ্রিল দাকোপ উপজেলার শিংজোড়া গ্রামে চড়ক পূজার আয়োজন করা হয়। আয়োজক কমিটি সাংসদ ননীকে দাওয়াত না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হন। ওই দিন বিকেলে আসামিরা পূজামঞ্চে হামলা ও সাংসদ ননী জয়ন্তীর চুলের মুঠি ধরে চড়-থাপড় মারেন। অন্য আসামিরা রড দিয়ে বাদীকে পেটান ও চড়, কিল, ঘুষি মারেন। তাঁরা জয়ন্তীর কাপড় ধরে টানাটানি করেন যাতে বাদীর শ্লীলতাহানি ঘটে। একপর্যায়ে সাংসদ ননী জয়ন্তীর তলপেটে লাথি মেরে তাঁকে মঞ্চ থেকে নিচে ফেলে দেন। এ ছাড়া আসামিরা বাদীর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন।জয়ন্তী রানী সরদার প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে সাংসদ ননী গোপালের কোনো বিরোধ ছিল না। তার পরও কেন তিনি হাজার হাজার মানুষের সামনে মঞ্চে উঠে আমাকে যেভাবে মেরেছেন, তা কোনো সভ্য মানুষ পারেন না। কী কারণে আমাকে এমনভাবে মারা হলো, আমি তা বুঝতে পারলাম না। একজন জনপ্রতিনিধি হিসেবে সাংসদ অনুতপ্ত হননি। এমনকি তাঁর কোনো অনুসারীও সমবেদনা জানাতে আসেননি।’ সাংসদ ননী গোপাল মণ্ডল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর একান্ত অনুসারীরা হিন্দুসম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত। রাজনৈতিক মঞ্চ হিসেবে ধর্মীয় অনুষ্ঠান ব্যবহার করার প্রতিবাদে ধর্মানুরাগী ও শান্তিপ্রিয় মানুষেরা প্রতিবাদ করলে তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।তবে শেখ হারুনুর রশিদ বলেন, ‘আমার কর্তৃত্ব দেখানোর কোনো বিষয় নেই। ননী গোপাল যা কিছু বলতে পারে, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’