সাংসদের বিরুদ্ধে রিকশাচালকদের বিক্ষোভ মিছিল
কুমিল্লার বরুড়া উপজেলায় ৪০০ রিকশা আত্মসাতের অভিযোগে গতকাল বুধবার উপজেলার বিভিন্ন স্থানে রিকশাচালকেরা বিক্ষোভ মিছিল করেছেন। বিকেল চারটায় উপজেলার আমড়াতলী বাজার, সুলতানপুর, ছড়ার বাজার, বাঁশপুর, চেঙ্গাহাটা, আড্ডা, ঝলম ও পদুয়ারপাড় এলাকায় ওই বিক্ষোভ মিছিল হয়।রিকশাচালকেরা কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরী ও খোশবাশ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলিমুল ওরফে রাজীবের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেন। তাঁরা অসহায়, গরিব ও দুস্থ মানুষের নামে আসা রিকশা ফেরত দেওয়ার দাবি জানান। ওই সময় পুলিশ আমড়াতলী বাজারে রিকশাচালকদের ছত্রভঙ্গ করে দেয়। জানা গেছে, চলতি বছরের ৭ সেপ্টেম্বর সাংসদ নাছিমুল আলম চৌধুরী ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ঢাকা শহরে বিভিন্ন সময় আটক করা ৪০০ রিকশা পাওয়ার জন্য আবেদন করেন। ওই আবেদনে সাংসদ আওয়ামী লীগের গরিব নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের লক্ষ্যে তাঁদের মধ্যে বিতরণের জন্য এগুলো বরাদ্দ চান। পরবর্তী সময়ে গত ২৩ অক্টোবর খোশবাস দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলিমুল ওরফে রাজীবকে ৪০০ রিকশা দেওয়ার ক্ষমতাপত্র দেওয়া হয়। এরপর রিকশাগুলো এনে প্রায় ১২ লাখ টাকায় সেগুলো বিক্রি করে দেওয়া হয়। এ ব্যাপারে রাজীব বলেন, সাংসদের অনুমোদন নিয়ে রিকশাগুলো এনেছি। এর বেশি কিছু বলতে পারব না। এ ব্যাপারে সাংসদ নাছিমুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমি খতিয়ে দেখছি। তবে রিকশাচালকদের বিক্ষোভ নিয়ে তাঁকে গতকাল রাতে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।’