নাটোর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী গতকাল রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকে স্থানীয় সাংসদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ করেছেন।
গতকাল সন্ধ্যায় কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি লিখিত বক্তব্যে বলেন, নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলাম ওরফে শিমুল তৃণমূলের নেতা-কর্মীদের স্বাধীন মতামত না নিয়ে নিজের প্রভাব খাটিয়ে তাঁর দুলাভাই সাজেদুল আলম খান চৌধুরী ওরফে বুড়া চৌধুরীকে নাটোর পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছেন। তিনি অভিযোগ করেন, নাটোরে আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর বিন্দুমাত্র অবদান নেই। আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। মানুষ তাঁকে আওয়ামী লীগের কর্মী বলেও চেনে না। তাঁর কোনো পদ-পদবি নেই। তিনি স্থানীয় সাংসদের দুলাভাই—এই যোগ্যতায় প্রার্থী হয়েছেন। তিনি তাঁর প্রার্থিতা বাতিল করে তৃণমূলের নেতা-কর্মীদের গোপন ব্যালটে মতামত নিয়ে প্রার্থী মনোনীত করার জন্য কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে তিনি তৃণমূলের কয়েকজন নেতার সঙ্গে এ ব্যাপারে তাঁর মুঠোফোনে ধারণ করা কথোপকথনের অংশ শুনিয়ে বলেন, ‘সাংসদের ভয়ে তৃণমূলের নেতারা এই মুহূর্তে তাঁর পাশে থাকতে পারছেন না।’ তবে গোপন ব্যালটে মতামত নেওয়া হলে সাংসদের দুলাভাইকে কেউ সমর্থন করবে না বলে তিনি দাবি করেন। তিনি দাবি করেন, প্রার্থী বাছাই করার সময় সাংসদ তাঁকে ছাড়াও অন্য ছয়জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কোনো কথা বলেননি বা তাঁদের মতামত নেননি। তিনি তাঁর বক্তব্য ও অভিযোগ গোয়েন্দা সংস্থার দ্বারা তদন্ত করে দেখারও আহ্বান জানান।
এ ব্যাপারে সন্ধ্যা পৌনে সাতটায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী আকরাম হোসেন সেটি ধরেন। আকরাম হোসেন জানান, তিনি ঢাকার ধানমন্ডির দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে কথা বলছেন। এ সময় সাংসদের বরাত দিয়ে তিনি বলেন, ‘শুধু দুলাভাই হওয়ার কারণে সাজেদুল আলমকে প্রার্থী করা হয়নি। তিনি ২০১০ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর থেকে দলের জন্য কাজ করে আসছেন। ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা যাচাই করেই তাঁকে বাছাই করা হয়েছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুসের কাছে সংবাদ সম্মেলনের অভিযোগের ব্যাপারে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘নো কমেন্টস।’