সাংসদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদের বিরুদ্ধে হুমকি প্রদানের অভিযোগ করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলার ২ নম্বর সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল এ অভিযোগ করেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ২৯ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে মুঠোফোনে সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন তাঁকে হত্যার হুমকি দিয়ে বলেন, ‘তুমি কীভাবে চেয়ারম্যানগিরি করো তা আমি দেখে নেব।’ তিনি আরও বলেন, ইউনিয়নের সুরপাই দিঘি লিজ দেওয়া নিয়ে সাংসদের সঙ্গে তাঁর মতবিরোধ শুরু হয়। চেয়ারম্যান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়ে বলেন, তিনি থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা।
এদিকে হুমকির বিষয়ে সাংসদ বলেন, চেয়ারম্যানকে হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রায় প্রতিদিনই চেয়ারম্যান মোস্তফা কামালের সঙ্গে তাঁর বিভিন্ন বিষয়ে কথা হয় বলে জানান সাংসদ।