সাংসদের বিরুদ্ধে 'মনোনয়ন বঞ্চিত'দের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) ষষ্ঠ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘মনোনয়নবঞ্চিত’ নেতা ও তাঁদের সমর্থকদের তোপের মুখে পড়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আবদুল কুদ্দুস। তাঁরা গতকাল সোমবার সাংসদের বাসভবনের সামনে গিয়ে নানা স্লোগান দেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাংসদের বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়।
মনোনয়নবঞ্চিত ব্যক্তিদের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। একপর্যায়ে মনোনয়নবঞ্চিত ব্যক্তিরা সাংসদের প্রয়াত ছেলের নামে প্রতিষ্ঠিত কল্লোল ফাউন্ডেশন ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মনোনয়নবঞ্চিত নেতা ও তাঁদের সমর্থকেরা বেলা ১১টার দিকে পৌরসভায় সমবেত হন। পরে মেয়র শাহনেওয়াজের নেতৃত্বে তাঁরা শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরে মহড়া দেন। একপর্যায়ে সাংসদের বাসভবনের সামনে এসে তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। সাংসদ এ সময় নিজ বাসভবনের দোতলায় অবস্থান করছিলেন। এ পরিপ্রেক্ষিতে তাঁর বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়। বেলা তিনটা পর্যন্ত সেখানে পুলিশ ছিল।
এদিকে কল্লোল ফাউন্ডেশনের সভাপতি মোক্তাদিরুল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁদের প্রতিষ্ঠানটি সেবামূলক। তা সত্ত্বে এটি রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছে। প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালানো হয়েছে।
ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র শাহনেওয়াজ বলেন, দলের নির্দেশ মেনে তৃণমূলের ভোটের মাধ্যমে ছয়টি ইউপি থেকে চূড়ান্ত প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু সাংসদ আবদুল কুদ্দুস ও তাঁর মেয়ে কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক কোহেলি কুদ্দুস তদবির করে তাঁদের সমর্থিত চারজন প্রার্থীকে দলীয় টিকিট এনে দিয়েছেন। অথচ তাঁরা তৃণমূলের ভোটে প্রতিদ্বন্দ্বিতাই করেননি। এ কারণে তৃণমূলের মনোনয়নবঞ্চিত নেতা ও তাঁদের সমর্থকেরা ক্ষুব্ধ হয়েছেন। প্রতিবাদ জানাতে তাঁরাই শহরে মোটরসাইকেল মহড়া দিয়েছেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি মনোনয়নবঞ্চিত ব্যক্তিদের সঙ্গে ছিলেন।
সাংসদ আবদুল কুদ্দুস বলেন, দলীয় মনোনয়ন দেওয়ার এখতিয়ার কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, সকাল থেকেই দলের এক পক্ষের নেতা-কর্মীরা ক্ষিপ্ত ছিলেন। তাঁরা শহরে মোটরসাইকেল মহড়া দিয়েছেন। কল্লোল ফাউন্ডেশনের বেশ কয়েকটি চেয়ার ভাঙচুরসহ তছনছ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এই উপজেলার ছয়টি ইউপিতে ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন ভোট। আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।