সাংসদের বিলম্বে কর্মজীবী নারীদের ভোগান্তি
সরকারি ভাতা নিতে সাত মাসের শিশুকন্যা সোহানিকে নিয়ে গতকাল বুধবার সকাল নয়টায় ঢাকার সাভার উপজেলা পরিষদে এসেছিলেন মা হাফেজা বেগম। কিন্তু নির্দিষ্ট সময়ে টাকা না পেয়ে তাঁকে অপেক্ষা করতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। বারবার কেঁদে ওঠে সোহানি।
শুধু হাফেজা বেগমই নন, তাঁর মতো কয়েক শ মা ভাতা নিতে এসে একই রকম কষ্টের শিকার হয়েছেন। এরপরও কর্তৃপক্ষের কিছুই করার ছিল না। কারণ, স্থানীয় সাংসদের উপস্থিতি ছাড়া তারা কার্যক্রম শুরু করতে পারছিল না।
সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল থেকে পৌর এলাকার কর্মজীবী নারীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি করা হয় স্থানীয় সাংসদ এনামুর রহমানকে। এ বছর সহায়তার জন্য ১ হাজার ২৩৫ জন নারীকে বাছাই করা হয়, যাঁরা প্রতি মাসে ৫০০ টাকা করে ২৪ মাস পর্যন্ত এ সহায়তা পাবেন। গতকাল আনুষ্ঠানিকভাবে ২০০ জনের হাতে ছয় মাসের জন্য ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। বাকিরা পর্যায়ক্রমে তাঁদের ব্যাংক হিসাব থেকে ওই টাকা তুলতে পারবেন।
গতকাল ২০০ জন নারীকে ভাতা দেওয়ার কথা থাকলেও সরেজমিনে উপস্থিতির সংখ্যা দেখা যায় অনেক বেশি। আবার অধিকাংশ নারীর সঙ্গেই ছিল শিশু। সুবিধাভোগী নারীরা বলেন, মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে খবর পেয়ে সকাল নয়টার মধ্যে তাঁরা উপজেলা পরিষদ মিলনায়তনে আসেন। কিন্তু সাংসদ না আসায় প্রায় তিনটা পর্যন্ত তাঁদের বসিয়ে রাখা হয়। ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হলেও তাঁদেরসহ বাচ্চাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা করা হয়নি। এতে তাঁদের এবং বিশেষ করে শিশুদের বেশ কষ্ট হয়েছে। আড়াইটার পর সাংসদ এলে ভাতা বিতরণ কার্যক্রম শুরু হয়। রাজাশনের স্বর্ণা আক্তার বলেন, একজন জনপ্রতিনিধির জন্য এতগুলো নারী ও শিশুকে প্রায় সারা দিন কষ্ট দেওয়া কোনো মানবতার মধ্যে পড়ে না।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা খানম বলেন, সাংসদের অনুমতি নিয়েই তাঁকে প্রধান অতিথি করা হয়। এ কারণে সাংসদকে ছাড়া অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি।
ভাতা প্রদান অনুষ্ঠানে এনামুর রহমান বলেন, একটি মাদ্রাসার অনুষ্ঠানে ব্যস্ত থাকায় তিনি যথাসময়ে উপস্থিত হতে পারেননি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।