সাংসদের বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ বন্ধ, যন্ত্র জব্দ
নোটিশ দেওয়ার পরও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ চালিয়ে যাওয়ায় গত মঙ্গলবার তা বন্ধ করে দেওয়া হয়েছে।রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয়। একই সঙ্গে এ কাজে ব্যবহূত যন্ত্র জব্দ করা হয়। এ ব্যাপারে নগরের বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এনামুল হক সম্প্রতি রাজশাহী নগরের মেহেরচণ্ডি এলাকার একটি পুকুর ভরাট শুরু করেন। প্রায় ৩০ বিঘা আয়তনের এই পুকুর ভরাট বন্ধে আরডিএ একাধিক নোটিশ দিলেও সাংসদ তা আমলে নেননি। এ ব্যাপারে গত সোমবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান, মহানগর পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ, আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান পুলিশ নিয়ে ওই পুকুরে অভিযান চালান। অভিযানের বিষয়টি টের পেয়ে পুকুর ভরাটের কাজে নিয়োজিত শ্রমিক-কর্মচারীরা পালিয়ে যান। অভিযানের সময় জেলা প্রশাসক ঘোষণা দেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভরাটকাজ বন্ধ থাকবে। আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম বলেন, পরিবেশ ও জলাধার আইন অনুযায়ী এই ভূমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। কিন্তু সাংসদ এনামুল হক এই জলাধার ভরাট করছিলেন। তিনি আরডিএর নোটিশের জবাবও দেননি। তাই অভিযান চালানো হয়। এ ব্যাপারে জানতে গতকাল দুপুরে সাংসদ এনামুল হকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।