সাংসদের ব্যক্তিগত সহকারী হত্যার তদন্তে অগ্রগতি নেই

ঢাকা-১৬ আসনের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর ‘রাজনৈতিক ব্যক্তিগত সহকারী’ আমির হোসেন হত্যাকাণ্ডের কোনো কিনারা হয়নি তিন মাসেও। আমিরের স্ত্রী নাসরিন আক্তার অভিযোগ করেছেন, মামলা তদন্তে পুলিশের কোনো আগ্রহ নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিন মাসেও স্বামী হত্যার বিচার পেলাম না।’
মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, সম্ভাব্য তিনটি কারণ চিহ্নিত করে মামলার তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
সম্প্রতি আমিরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ তথ্য মেলেনি বলে জানিয়েছে ডিবি।
তদন্ত তদারক কর্মকর্তা, ডিবির সহকারী কমিশনার জুয়েল রানা প্রথম আলোকে বলেন, তদন্তে হত্যাকাণ্ডের পেছনে তিনটি কারণ চিহ্নিত করা গেছে। এগুলো হলো এক. মিরপুর বেড়িবাঁধসংলগ্ন বিপুল পরিমাণ খাসজমি (ভাওয়াল রাজ এস্টেট) ঘনিষ্ঠজনদের নামে লিজ এনে দেওয়ার জন্য সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ দায়িত্ব দিয়েছিলেন আমিরকে। এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। দুই. সাংসদের আস্থাভাজন হওয়ায় আমিরের ওপর ক্ষুব্ধ ছিল একটি পক্ষ। তিন. মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য আমিরের থানা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় দলের একটি অংশ তাঁর ওপর ক্ষুব্ধ ছিল।
জুয়েল রানা বলেন, এখন হত্যাকারীদের শনাক্ত করতে বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে।
গত ৯ জুলাই রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব পাশের সড়কে একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে আমিরকে ফেলে দেওয়া হয়। হাতে, পায়ে ও মাথায় জখমপ্রাপ্ত অবস্থায় আমিরকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে পল্টন থানায় হত্যা মামলা করেন।
অতিসম্প্রতি মিরপুর ৬ নম্বর সেকশনের ট-ব্লকে আমিরের বাসায় গেলে তাঁর স্ত্রী নাসরিন আক্তার এ হত্যাকাণ্ডের সূত্র উদ্ঘাটিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সাংসদের আস্থাভাজন হওয়ায় কিংবা রাজনৈতিক কারণে প্রতিপক্ষ আমার স্বামীকে খুন করেছে। সাংসদ পছন্দ করে জমির লিজ এনে দেওয়ার দায়িত্ব দিলেও এতে তো তাঁর কোনো দোষ ছিল না। এ কাজ না পেয়ে নাখোশ ছিলেন কেউ কেউ।’
নাসরিন আক্তার বলেন, গ্রেপ্তার মোসলেমউদ্দিনও সাংসদের হয়ে জমি লিজ আনার কাজ করতেন। মাঝেমধ্যে তাঁরা দুজনে একসঙ্গে ফাইলপত্র নিয়ে মতিঝিলের ভূমি সংস্কার বোর্ড অফিসে যাতায়াত করতেন।
নাসরিন আরও বলেন, আগে আসবাবের ব্যবসা করলেও তাঁর সংসার কোনোমতে চলে যেত। কিন্তু সাংসদের সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁর স্বামী সারাক্ষণই ফাইলপত্র নিয়ে ছোটাছুটি করতেন। তিনি খাওয়ার সময়ও পেতেন না। ঘটনার পর সাংসদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলেও এখন তিনি আর খোঁজ রাখেন না।
নাসরিন আক্তার বলেন, ‘তিনটি সন্তান নিয়ে বহু কষ্টে আছি। স্বামীর স্মৃতিচারণা করা ছাড়া আমার কাছে আর কিছুই নেই।’ নাসরিন বলেন, ‘আমার বাচ্চাদের যারা এতিম করেছে, আল্লাহ যেন তাদের এমনিভাবে বিচার করে।’
আমির হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত থাকতে পারে, জানতে চাইলে সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ প্রথম আলোকে বলেন, আমির কোনো সময় কোনো সমস্যার কথা বলেনি। ডিবিও কিছু জানাতে পারেনি।
তিনি বলেন, ‘আমিরকে জমি লিজের দায়িত্ব দিয়েছিলাম। যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, তার কাছে এ-সংক্রান্ত কাগজ পাওয়া গেছে। এ বিষয়টিও ডিবির কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু তারা সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি।’