কুষ্টিয়ার দৌলতপুরে কৃষক লীগ নেতাদের মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে দৌলতপুর উপজেলা কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় স্থানীয় সাংসদের ভাই ও ছেলেকে আসামি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে সাংসদের ভাই ও ছেলের নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় সেখানে রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের মনোনয়নপত্র বাছাই চলছিল। হামলাকারীরা নির্বাচনে মনোনয়ন সংগ্রহকারী দৌলতপুর উপজেলা কৃষক লীগ সভাপতি শরিফুল ইসলাম ও সহসভাপতি শাজাহান আলীকে মারধর করে আহত করেন।
জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাতে শরিফুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে থানায় মামলা করেন। এজাহারে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের স্বতন্ত্র সাংসদ রেজাউল হক চৌধুরীর ছেলে ইমরান চৌধুরী কলিন্সকে প্রধান ও সাংসদের ভাই লোটন চৌধুরীকে দ্বিতীয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি। পুলিশ মাঠে কাজ করছে। ঘটনার পর থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দৌলতপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে আল্লারদরগা এলাকায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ। সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার রহমান, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ বলেন, কৃষক লীগের নেতা-কর্মীরা নিজেদের কোন্দলে নিজেরাই মারামারি করে এর দায় সাংসদ পরিবারসহ যুবলীগের ওপর চাপাচ্ছেন। এতে সাংসদের পরিবার ও যুবলীগের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হচ্ছে।