সাংসদের ভাই হত্যার রহস্য উদ্ঘাটিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ কাজী আবদুল ওয়াদুদের চাচাতো ভাই ও আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম হত্যার পাঁচ দিন পরও পুলিশ এ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তারও হয়নি।
রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির জানান, সুনির্দিষ্টভাবে এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। পুলিশের কিছু অনুমান রয়েছে। এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি মিঠুন। তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁকে ধরতে পারলে হত্যার রহস্য জানা যাবে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, নিহত ব্যক্তির ভাই ওবায়দুল ইসলাম বাদী হয়ে ঘটনার পরের দিন রাতে নয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই নয়জনের মধ্যে জেলা ছাত্রদলের সহসভাপতি জুলফিকার রহমান, ছাত্রদলের কর্মী মিঠুন ও মাসুদ রানার নাম রয়েছে। তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে গা ঢাকা দেওয়ার কারণে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
আমিনুল পুঠিয়ার বিড়ালদহ বাজারের পাশে ইয়াকুব আলী নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। গত রোববার রাতে একদল দুর্বৃত্ত ওই বাড়িতে ঢুকে তাঁকে কুপিয়ে ও গলা কেটে হত্যার চেষ্টা করে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল আটটার দিকে তিনি মারা যান।