সাংসদের ভাইকে নৃশংসভাবে গলা কেটে হত্যা
রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগদলীয় সাংসদ কাজী আবদুল ওয়াদুদের চাচাতো ভাই ও আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম ওরফে রয়েলকে (২৯) বাড়িতে ঢুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে আমিনুলকে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের সময় আজ সোমবার সকালে মারা যান তিনি।
আমিনুলের বাড়ি পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামে। তাঁর বাবার নাম ওয়াজেদ শেখ। তিন ভাইয়ের মধ্যে আমিনুল সবার ছোট। ইয়াকুব আলী নামের একজন মোটরগাড়ি চালকের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি। সেখানেই তাঁর ওপর হামলা হয়।
বাড়িওয়ালা ইয়াকুব আলীর স্ত্রী জমেলা বেগম (৫০) দাবি করেন, আমিনুলের গোঙানির শব্দ পেয়ে ঘরের দরজা খুলতে গিয়ে তিনি দেখেন বাইরে থেকে ছিটকিনি লাগানো। জানালা খুলে দেখেন আমিনুল ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিচ্ছেন। কী হয়েছে, জানতে চাইলে আমিনুল তাঁকে বাঁচাতে বলেন। ঘরে ছিটকিনি দেওয়ার কথা বললে আমিনুল নিজেই হামাগুড়ি দিয়ে এসে ছিটকিনি খুলে দেন। ওই অবস্থায় তাঁর চিত্কার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, আমিনুলের ঘরের বারান্দা ও মেঝেতে তাজা রক্তের দাগ। ঘরের ছিটকিনিতে রক্ত লেগে আছে। বাড়ির লোকেরা জানান, আমিনুলের কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা হাত আলামত হিসেবে পুলিশ নিয়ে গেছে।
হাসপাতালে নেওয়ার সময় আমিনুলের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর আরেক চাচাতো ভাই আবদুস সবুর। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘গাড়ির ভেতরেও তার কিছুটা জ্ঞান ছিল। সে ডান হাত তুলে তার মুখে পানি দেওয়ার জন্য ইশারা করছিল।’
আবদুস সবুর দাবি করেন, আমিনুলকে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় পাওয়া যায়। তাঁকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়নি। এ জন্য পেছনে ঘাড়ের দিক দিয়ে কেটে মাথা বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। তাঁর বাম হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হয়েছে। এ ছাড়া শরীরের অসংখ্য জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। রাত তিনটার দিকে তাঁরা তাঁকে নিয়ে হাসপাতালে পৌঁছান। কিছুক্ষণের মধ্যেই চিকিত্সকেরা আসেন। চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। কিন্তু অস্ত্রোপচার চলাকালে আজ সকাল সাড়ে আটটার দিকে মারা যান তিনি।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ কাজী আবদুল ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ সঙ্গে নিয়ে রাতেই ঘটনাস্থলে যান তিনি। তাঁর গাড়িতে করেই আমিনুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আবদুল ওয়াদুদ দাবি করেন, আমিনুল খুবই সহজ-সরল প্রকৃতির এবং আওয়ামী লীগের একনিষ্ঠ রাজনৈতিক কর্মী ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিপক্ষের রাজনৈতিক দলের কর্মীরাই তাঁকে হত্যা করেছেন বলে ধারণা করছেন তিনি। বিপক্ষ দল বলতে তিনি বিএনপি-জামায়াতের কর্মীদের কথা উল্লেখ করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, ঠিক কী কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। বিষয়টি তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।