সাংসদের ভাইকে বাঁচাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলোচিত হিজড়া আদর খাঁ হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ।
অভিযোগ উঠেছে, মামলার প্রধান আসামি স্থানীয় সাংসদের ভাইকে রক্ষা করার জন্য পুলিশ এ কাজ করেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার জহুরপুর গ্রামের দৌলত খাঁর ছেলে আদর খাঁ (২০) হিজড়া ছিলেন।
চলতি বছরের ২৫ জানুয়ারি রাত ১১টার দিকে আউশকান্দি বাজারে আমিন ডেকোরেটর্সের মালিক বেলাল চৌধুরী মুঠোফোন চুরির অভিযোগে তাঁর প্রতিষ্ঠানে আটকে রেখে আদর খাঁকে মারধর করেন।
বেলাল চৌধুরী হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরীর ছোট ভাই। প্রায় দুই ঘণ্টা আটক রেখে মারধরের পর বেলাল চৌধুরী তাঁকে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যান।
কিন্তু আদর খাঁর শারীরিক অবস্থা খারাপ থাকায় পুলিশ তাঁকে গ্রহণ করতে রাজি হয়নি। পরে বেলাল ও তাঁর কর্মচারীরা কৌশলে অটোরিকশায় করে তাঁকে দুর্লভপুর গ্রামে অপর এক হিজড়ার বাড়িতে ফেলে আসেন।
খবর পেয়ে আদরের বড় ভাই দিলু খাঁ সেখানে গিয়ে আদরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথে তিনি মারা যান। এ ঘটনায় দিলু খাঁ বাদী হয়ে বেলালসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে গত ২৬ জানুয়ারি নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ বিষয়ে প্রথম আলোয় গত ২৮ জানুয়ারি ‘সাংসদের ভাইয়ের পিটুনিতে প্রতিবন্ধীর মৃত্যুর অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল নবীগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কে এম আজমিরুজ্জামানকে। তিনি গত ১২ জুন মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন হবিগঞ্জ আদালতে। আদালত এখনো এ প্রতিবেদন গ্রহণ করেননি। তবে তা শুনানির অপেক্ষায় আছে।
তদন্তকারী কর্মকর্তা আজমিরুজ্জামান (বর্তমানে মাধবপুর থানায় কর্মরত) দাবি করেন, এ হত্যাকাণ্ডের ঘটনার যথাযথ সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। যাঁরা সাক্ষী ছিলেন, তাঁরা এখন উল্টাপাল্টা বলছেন। এ কারণে তিনি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন।
মামলার বাদী দিলু খাঁ বলেন, ‘আমি দিনমজুর মানুষ। আমাদের প্রতিপক্ষ সাংসদের পরিবার। তাঁদের সঙ্গে আমরা কোনো কিছুতেই কুলিয়ে উঠতে পারছি না।’
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, কোনো প্রভাব নয়, তদন্তে যা পাওয়া গেছে পুলিশ তা-ই আদালতে দাখিল করেছে।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরী দাবি করেন, ‘আমি প্রতিদিন ১৮ থেকে ১৯ ঘণ্টা ব্যস্ত থাকি কাজ নিয়ে। পুলিশকে মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে চাপ দেওয়ার সুযোগ বা সময় আমার নেই। বরং সাক্ষীরা এফিডেভিট করে বলছে হত্যার বিষয়ে তারা কিছুই জানে না।’