সাংসদের ভাইকে সরে বসতে বলায় কনস্টেবলকে মারধর
বরগুনার পাথরঘাটা উপজেলায় গত মঙ্গলবার রাতে ওরস অনুষ্ঠানে স্থানীয় সাংসদের ভাইকে সরে বসতে বলায় ছাত্রলীগের ক্যাডাররা কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে মারধর করে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার পাথরঘাটা থানায় মামলা হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলা হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাতে পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের মঠেরখাল গ্রামে আবুল কাসেমের বাড়ির সামনের মাঠে একটি ওরস অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান উপভোগের জন্য রাত ১১টার দিকে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাংসদের ভাই গোলাম নাসির, সুমন শীল, সাইফুল, সবুজসহ আরও ১০-১২ জন ক্যাডার নিয়ে সেখানে যান। এ সময় গোলাম নাসির ওরস অনুষ্ঠানে হাঁটাচলার পথে একটি চেয়ার নিয়ে বসলে কর্তব্যরত পুলিশ সদস্য হারুন অর রশিদ তাঁকে অন্যত্র সরে বসতে বলেন। পরে ওরস কমিটির লোকজন এসে তাঁকে সামনের সারিতে নিয়ে বসায়। এর কিছুক্ষণ পরেই তাঁর সঙ্গে আসা ছাত্রলীগের ক্যাডাররা এ ঘটনা জেনে ওই পুলিশ সদস্যকে শাসাতে থাকেন এবং একপর্যায়ে তাঁকে লাঞ্ছিত করেন।পুলিশ সদস্য হারুন অর রশিদ বলেন, ‘নাসির সাহেবকে আমি প্রথমে চিনতে পারিনি। পরে কমিটির লোকজন যখন এসে তাঁকে নিয়ে যায়। তারপর আমি তাঁকে সম্মান করেছি। কিন্তু তার পরও তারা আমাকে হেনস্তা করেছে, গায়ে হাত তুলেছে।’ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওরস উদ্যাপন কমিটির সভাপতি আবদুল জব্বার মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পাথরঘাটা থেকে আসা যুবকেরা পুলিশ সদস্য হারুন অর রশিদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাঁকে চড়ঘুষি মারতে থাকে।’এ বিষয়ে মন্তব্য জানার জন্য গোলাম নাসিরের মুঠোফোনে গতকাল দুপুরে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। তবে গত বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের কাছে বলেন, তিনি ওরস অনুষ্ঠানে গিয়ে কিছু সময় থেকে চলে আসেন। সেখানে কী হয়েছে, তা তিনি জানেন না এবং এ ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।ওসি নূরুল ইসলাম গতকাল দুপুরে বলেন, ‘আমরা ঘটনাস্থল তদন্ত করে এর সত্যতা পেয়েছি এবং সে অনুযায়ী মামলাও হয়েছে।’ ঘটনার সূত্রপাত যাঁকে নিয়ে, মামলার বর্ণনায় তা উল্লেখ আছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, মামলার বর্ণনায় সবই উল্লেখ আছে।