সাংসদের ভাইয়ের নেতৃত্বে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজবাহ উদ্দিন খান ওরফে সাথীর ওপর সরকারদলীয় একজন সাংসদের ভাইয়ের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় আহত হন মিজবাহ উদ্দিন। তাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মিজবাহর পারিবারিক সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মিজবাহ উদ্দিন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার উদ্দেশে গতকাল মঙ্গলবার সকালে দুটি মাইক্রোবাসে করে সঙ্গীদের নিয়ে ঢাকার পথে রওনা হন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মাইক্রোবাস বাজিতপুর পৌরসভার ফায়ার সার্ভিস কার্যালয়ের পাক্কার মোড়ে পৌঁছায়। সেখানে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের আওয়ামী লীগের সাংসদ মো. আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন আশরাফের নেতৃত্ব্বে একদল সন্ত্রাসী মিজবাহর মাইক্রোবাসে হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি লাঠির আঘাতে তাঁর বাম পা ভেঙে যায়। গুরুতর জখম হয় ডান পা ও হাত। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর মাথায় কোপ দিলে তিনি জ্ঞান হারান। সন্ত্রাসীরা তাঁর কাছ থাকা কয়েক লাখ টাকা ও মুঠোফোন লুটে নেয়।
মাইক্রোবাসে থাকা মিজবাহ উদ্দিনের ব্যক্তিগত সচিব মো. নজরুল ইসলাম ও ছেলে আরিফুল হক অভিযোগ করেন, বাজিতপুরের দিলালপুরের কূলানদী-বাহেরবালী জলমহাল ও নদী ইজারা নিয়ে মিজবাহ ও তাঁর লোকজন ব্যবসা করতেন। এক বছর আগে সাংসদ আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জলমহাল ও নদী নিজের দখলে নিয়ে নেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পক্ষের এক ব্যক্তি খুনও হন। খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই বিরোধের জেরে মিজবাহকে হত্যা করতে আনোয়ার হোসেনের নেতৃত্বে সোহেল মিয়া, মানিক মিয়া, ফারুক মিয়া, নান্নু মিয়া, সবুজ মিয়াসহ ১৫-২০ জন সন্ত্রাসী তাঁর ওপর গতকাল হামলা চালিয়েছে।
এ ঘটনায় সাংসদের ভাই ও ছয় সন্ত্রাসীর নাম উল্লেখ করে থানায় মামলার প্রস্তুতি চলছিল।
বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের চিকিৎসক মো. রইছউদ্দিন বলেন, ‘মিজবাহ মারাত্মকভাবে আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।’
হামলার পর জেলার এএসপি (সার্কেল) খন্দকার মো. সাঈদ, বাজিতপুর থানার ওসি মো. আমিনুল ইসলামসহ অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ওসি জানান, এজাহার পাওয়ার পর মামলা নথিভুক্ত করা হবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের এরই মধ্যে খোঁজা হচ্ছে।