রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ ও বিএনপির ১৫ জন বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। আওয়ামী লীগ ৯ জন প্রার্থীকে বহিষ্কার করে দমানোর চেষ্টা করলেও বিএনপি দৃশ্যত কোনো উদ্যোগ নেয়নি। বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে থাকায় দলের প্রার্থীরা বেকায়দায় পড়েছেন।
বিদ্রোহী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের স্থানীয় সাংসদের ভাইও রয়েছেন। দুই দলেরই উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা বিদ্রোহী প্রার্থীদের সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। ৭ মে এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, আওয়ামী লীগের ১০ জন এবং বিএনপির ৫ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছেন। এঁরা হলেন মাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের সাংসদ এনামুল হকের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম এবং উপজেলা কমিটির সদস্য আকবর আলী, যোগীপাড়ায় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, গোয়ালকান্দিতে ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর সরকার, গনিপুরে ইউনিয়ন শাখার সভাপতি হারুণ অর রশিদ, নরদাশে ইউনিয়ন শাখার সভাপতি আবদুর রশিদ ও সহসভাপতি জোনাব আলী, আউচপাড়ায় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হামিরকুৎসায় ইউনিয়ন শাখার সদস্য আবদুল বারিক এবং দ্বীপপুরে ইউনিয়ন শাখার সদস্য মকলেছুর রহমান।
অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা হলেন গোবিন্দপাড়ায় ইউনিয়ন শাখার আহ্বায়ক হাবিবুর রহমান, কাচারী কোয়ালীপাড়ায় ইউনিয়ন শাখার সহসভাপতি আবদুস সামাদ, দ্বীপপুরে ইউনিয়ন শাখার সদস্য মতিউল আলম, মাড়িয়ায় ইউনিয়ন শাখার সদস্য রফিকুল ইসলাম এবং যোগীপাড়ায় কর্মী লায়লা আরজুমান।
চার দিন ধরে ইউনিয়নগুলোতে সরেজমিনে প্রার্থী, ভোটার ও দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্রোহী প্রার্থীরা স্থানীয়ভাবে দলের কিছু নেতা-কর্মীকে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। ইতিমধ্যে দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর পক্ষের লোকজন পাল্টাপাল্টি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছেন বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যোগীপাড়া ইউনিয়নের মোস্তফা কামাল বলেন, এলাকার লোকজন ও ভোটারদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি প্রার্থী হয়েছেন। অন্য বিদ্রোহী প্রার্থীরাও একই ধরনের কথা বলেছেন। মাড়িয়া ইউনিয়নের বিএনপির প্রার্থী আসলাম হোসাইন ও গোবিন্দপাড়ার আশরাফুল ইসলাম অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান বিদ্রোহী প্রার্থীদের মদদ দিচ্ছেন। তবে মকলেছুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
গোয়ালকান্দিতে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালাম, যোগীপাড়ার মাজেদুর রহমান ও গনিপুরের এনামুল হকের অভিযোগ, এসব ইউনিয়নে দলের তাহেরপুর পৌরসভা ও উপজেলা শাখার কয়েকজন নেতা বিদ্রোহী প্রার্থীদের মদদ দিচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মতিউর রহমান বলেন, দলের উপজেলা শাখার কোনো নেতা বিদ্রোহী প্রার্থীদের মদদ দিচ্ছেন না।