সাংসদের ভাইয়ের পিটুনিতে হিজড়ার মৃত্যুর অভিযোগ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে পিটুনিতে আদর খাঁ (২০) নামের এক হিজড়ার (তৃতীয় লিঙ্গ) মৃত্যু হয়েছে। স্থানীয় সাংসদ জাতীয় পার্টির আবুল মুনিম চৌধুরীর ভাই বেলাল চৌধুরীর মুঠোফোন চুরির অভিযোগে তিনি ও তাঁর কর্মী গত শনিবার রাতে আদরকে পেটান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদর খাঁর বাড়ি নবীগঞ্জ উপজেলার জহুরপুর গ্রামে। বাবার নাম দৌলত খাঁ। আদর এলাকার অন্য হিজড়াদের সঙ্গে আউশকান্দি বাজার এলাকায় চলাফেরা করতেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে আউশকান্দি বাজারে বেলাল চৌধুরীর মালিকানাধীন আমিন ডেকোরে-টার্সের মধ্যে চিৎকারের আওয়াজ পেয়ে লোকজন এগিয়ে আসেন। তাঁরা দেখতে পান আদরকে আটকে মারধর করছেন বেলাল চৌধুরী ও তাঁর এক কর্মচারী। লোকজন জানতে চাইলে বেলাল চৌধুরী জানান, আদর তাঁর মুঠোফোন চুরি করেছেন। প্রায় দুই ঘণ্টা ধরে মারধরের পর রাত দেড়টার দিকে বেলাল চৌধুরী আহত আদরকে বাজারের নিকটবর্তী গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যান। তদন্ত কেন্দ্রের দায়িত্বরত সহকারী উপরিদর্শক (এএসআই) জাকির হোসেন অবস্থা খারাপ দেখে আদরের দায়িত্ব নিতে রাজি হননি। এরপর বেলাল চৌধুরী ও তাঁর কর্মচারী একটি অটোরিকশায় পার্শ্ববর্তী দুর্লভপুর গ্রামে আদরের বন্ধু হিজড়া মোমিন আলীর কাছে আদরকে রেখে চলে আসেন।
রোববার সকালে মোমিনের মাধ্যমে আদরের অবস্থা জানতে পারে তাঁর বাড়ির লোকজন। এরপর আদরের বড় ভাই দিলু খাঁ মোমিনের বাড়ি থেকে আদরকে বাড়িতে আনেন। চিকিৎসার জন্য নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে আদরের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। গতকাল হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে।
আদরের ভাই দিলু খাঁ প্রথম আলোকে বলেন, ‘আদরের সারা শরীরে আঘাতের কালো কালো চিহ্ন ছিল। বেলাল চৌধুরী ও তাঁর এক কর্মচারী মিলে তাঁকে পেটায় বলে বাজারের লোকজন জানিয়েছেন। এখন মামলা না করে আপসের জন্য চাপ দিচ্ছে।’
তবে বেলাল চৌধুরী সাংবাদিকদের কাছে দাবি করেন, আদরকে তিনি বা তাঁর কর্মচারী মারধর করেননি। তাঁর মুঠোফোন চুরির অভিযোগে লোকজন আদরকে ধরে গণপিটুনি দিয়েছেন।
নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, আদরকে পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর ভাই দিলু খাঁ গত রোববার দিবগত রাত দেড়টার দিকে একটি হত্যা মামলা করেছেন। এই মামলায় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ মোহাম্মদ আবুল মুনিম চৌধুরীর ছোট ভাই বেলাল চৌধুরীকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলা করা হয়েছে।
ভাইয়ের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংসদ মুনিম চৌধুরী প্রথম আলোকে জানান, ওই দিন রাতে চারজন হিজড়া তাঁর ভাইয়ের দোকান থেকে একটি মুঠোফোন চুরি করেন। পরে দোকানের কর্মচারীরা আদরকে আটক করেন। এ সময় উপস্থিত লোকজন তাঁকে মারধর করেন।