সাংসদের ভাইয়ের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেড়ি গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মোহামঞ্চদ আবদুল্লাহ আল্ মামুনের আপন ভাই হাজি জসীম উদ্দিনের বাড়িতে ডাকাতি হয়েছে। একই সময় ডাকাতেরা ওই বাড়ির পাশে প্রবাসী মো. ইব্রাহিমের বাড়িতেও হানা দেয়।
রামগতি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল্ মামুন জানান, এ ঘটনায় গতকাল শনিবার থানায় একটি ডাকাতির মামলা করেছেন জসীম উদ্দিনের ছেলে আরমান হোসেন। লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) কাজী হেলাল উদ্দিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলার বাদী আরমান হোসেন জানান, শুক্রবার রাত দুইটার পর ১০-১৫ জন ডাকাত কলাপসিবল গেটের তালা ভেঙে তাঁদের বসতঘরে ঢোকে। ডাকাতেরা পাশের বাড়ির প্রবাসী মো. ইব্রাহিমের বসতঘরেও হানা দেয়। তারা আগ্নেয়াস্ত্রের মুখে দুটি বাড়ির সবাইকে জিম্মি করে চার লাখ টাকা এবং ১৫ ভরি সোনার গয়নাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।