সাংসদের ভাইয়ের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আশরাফুল ইসলাম (৪৭) নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে স্থানীয় সাংসদের ভাই টোকেন চৌধুরী ও তাঁর সহযোগীরা বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। টোকেন চৌধুরী কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরীর ছোট ভাই।
গত রোববার রাত ১০টার দিকে উপজেলার আল্লারদরগা বাজারে এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউপির সদস্য। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আশরাফুল ইসলামের ভাষ্যমতে, রোববার রাতে আল্লারদরগা বাজারে বসে গল্প করছিলেন তিনি। রাত ১০টার দিকে তাঁকে টোকেন চৌধুরীর ছয়জন সহযোগী মোটরসাইকেলে করে বাজারের পাশেই টোকেনের নির্যাতনকক্ষে (টর্চার সেল) তুলে নিয়ে যান। সেখানে তাঁকে কিলঘুষি মারা হয় এবং লাঠি ও কাঠ দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে তাঁর চোখের ওপর রক্ত জমাট বেঁধেছে। এক কানে তিনি কম শুনতে পাচ্ছেন। এ সময় টোকেন চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান।
আশরাফুল ইসলাম অভিযোগ করেন, গেল সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী আফাজ উদ্দিনের পক্ষে কাজ করেন। এতে ক্ষিপ্ত হন দলের বিদ্রোহী প্রার্থী রেজাউল হক চৌধুরী। নির্বাচনের পর রেজাউলের সঙ্গে দেখা না করায় তাঁর ভাই টোকেন ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে তাঁকে মারধর করেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে টোকেন চৌধুরী বলেন, আশরাফুল ইসলাম একটি ধর্ষণের ঘটনায় সালিস করেছিলেন। ধর্ষণের শিকার নারীকে সালিসে দেড় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। আশরাফুলের কাছে জমা থাকা ওই টাকা সোমবার ওই নারীকে দেওয়ার কথা ছিল। টাকা যাতে দিতে না হয়, সে জন্য আশরাফুল আহত হওয়ার ভান করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, ‘এ রকম ঘটনাশুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’