সাংসদের ভাইয়ের হাতে শিক্ষক লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কক্সবাজার সদরের সাংসদ সাইমুন সারোয়ারের ছোট ভাই তানভীর সারোয়ারের বিরুদ্ধে।
এ ঘটনায় চট্টগ্রাম নগরের চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেছেন লাঞ্ছনার শিকার চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজল দেবনাথ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও লিখিতভাবে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগ থেকে জানা যায়, ১০ এপ্রিল সন্ধ্যায় ইনস্টিটিউট-সংলগ্ন ছাত্রাবাসের মাঠ দিয়ে হেঁটে যাওয়ার সময় কাজল দেবনাথের পথ রোধ করেন তানভীর ও তাঁর সঙ্গী রফিক। পরে ওই শিক্ষকের কাছে ১০ হাজার টাকা দাবি করেন তানভীর। এ সময় কাজল দেবনাথ বলেন, তাঁর সঙ্গে কোনো ধরনের লেনদেন নেই। এতে ক্ষিপ্ত হয়ে তানভীর ‘টাকা পাব কি পাব না দেখাচ্ছি’ বলে ওই শিক্ষককে টেনেহিঁচড়ে ছাত্রাবাসের বাইরে নির্জন স্থানে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে কোনোমতে তাঁদের কাছ থেকে আত্মরক্ষা করেন ওই শিক্ষক। চারুকলা ইনস্টিটিউটের অবস্থান নগরের বাদশাহ মিঞা সড়ক এলাকায়। শিক্ষককে লাঞ্ছিত করা ও হুমকি দেওয়ার ঘটনায় গতকাল রোববার চারুকলা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষক লাঞ্ছনাকারীকে দ্রুত শাস্তির মুখোমুখি এবং শিক্ষকের জীবনের নিরাপত্তা দেওয়ার দাবি জানান। শিক্ষার্থীদের কর্মসূচি পালনের সময়ও ক্যাম্পাসে এসে তানভীর শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন ও মুঠোফোনে শিক্ষার্থীদের ছবি তোলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
লাঞ্ছনার শিকার চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজল দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘টাকা পাওয়ার কথা বলে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তানভীর। এর পর থেকে সে বহিরাগত হয়েও নিয়মিত ক্যাম্পাসে আসছে এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। আমি এর বিচার চাই।’
তানভীর সারোয়ার বলেন, ‘কাজল আমার ছাত্র। সে আমাকে গুরু হিসেবেই জানে। এখন তার কাছ থেকে পাওনা টাকা চাওয়ায় সে আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলছে। সে মানসিকভাবে অসুস্থ।’ কর্মসূচি পালনের সময় ছবি তোলার বিষয়ে তানভীর বলেন, ‘আমার সামনেই কিছু শিক্ষার্থী কর্মসূচি পালন করেছে, তবে আমি ছবি তুলিনি। পরে একজনের কাছ থেকে সংগ্রহ করেছি।’
তানভীরের সঙ্গে কোনো ধরনের টাকাপয়সার লেনদেন নেই বলে দাবি করে কাজল দেবনাথ বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছি, আর সে পাস করেছে আর্ট কলেজ থেকে। সে কেমনে আমার গুরু হয়?’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘আমি বিষয়টির খোঁজখবর নিচ্ছি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’