সাংসদের ভাইয়ের ৩০ লাখ টাকার চেক জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় সাংসদের ভাই ৩০ লাখ টাকার স্থায়ী আমানতের (এফডিআর) চেক জাল করে ভবানীগঞ্জ হাট ইজারা নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ফাঁস হওয়ার পর কর্তৃপক্ষ তাঁকে হাট ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে। উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা গত ৩ ফেব্রুয়ারি ভবানীগঞ্জ হাট এক বছর মেয়াদে ইজারার জন্য দরপত্র আহ্বান করে। এ জন্য স্থানীয় ও জাতীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম দফায় কোনো দরপত্র বিক্রি না হলেও ১০ মার্চ দ্বিতীয় দফায় চারটি দরপত্র বিক্রি হয়। এর মধ্যে স্থানীয় সাংসদ এনামুল হকের ছোট ভাই রেজাউল হক নিজের নামে একটি ও তাঁর সমর্থনে আরও দুটি দরপত্র দাখিল করেন। প্রতিটি দরপত্রের সঙ্গে জামানত হিসেবে নির্দিষ্ট পরিমাণ টাকার এফডিআর দাখিল করেন। ১১ মার্চ দ্বিতীয় দফা দরপত্র দাখিলের শেষ দিনে ইজারা কমিটি বাক্স খুলে চারটি দরপত্র পায়। হাটের সর্বোচ্চ দরদাতা হিসেবে রেজাউল হকের প্রতিষ্ঠান ‘রিয়া এন্টারপ্রাইজ’ নির্বাচিত হয়। সর্বোচ্চ ৪৭ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকার দরপত্র দাখিল করেন তিনি। রেজাউল হক তিনটি দরপত্রের সঙ্গে জামানত হিসেবে ৩০ লাখ টাকার তিনটি এফডিআর জমা দেন। ২০ ফেব্রুয়ারি ও ৯ মার্চ জনতা ব্যাংকের ভবানীগঞ্জ শাখা থেকে এগুলো দেওয়া হয়েছে বলে উল্লেখ করা আছে।দরপত্র বাছাই শেষে ইজারা কমিটি সর্বোচ্চ দরদাতা হিসেবে রেজাউল হকের প্রতিষ্ঠানকে নির্বাচিত করে অন্য তিনজনের জামানতের চেক ফেরত দেয়। পরে অন্য দরপত্র দাখিলকারীরা রিয়া এন্টারপ্রাইজের জামানতের চেকের বিষয়ে কমিটিকে মৌখিক অভিযোগ করলে কর্তৃপক্ষ তা যাচাই করার জন্য গত বৃহস্পতিবার জনতা ব্যাংকের ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপককে চিঠি দেয়। ব্যাংক কর্তৃপক্ষ উল্লিখিত তারিখ ও নম্বরে কোনো চেক দেয়নি বলে জানায়। এ ছাড়া যে চেক দাখিল করা হয়েছে, তা জাল এবং তাতে স্বাক্ষর ও সিলমোহর ব্যাংক কর্তৃপক্ষের নয়।ব্যাংকের ব্যবস্থাপক শাফিকুর রহমান এর সত্যতা স্বীকার করে জানান, তিনি বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েছেন।ওই দরপত্রে অংশগ্রহণকারী দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা রফিকুল ইসলাম জানান, তিনি ৪৭ লাখ ২১ হাজার টাকার দরপত্র দাখিল করেছিলেন। ইজারা কমিটি তাঁর চেক ফেরত দিয়েছে।ইজারা কমিটির সদস্য কাউন্সিলর আবদুর রহিম জানান, তিনটি চেকে মোট ৩০ লাখ টাকা জালিয়াতি করা হয়েছে। তাঁরা সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ইজারা কমিটির সভাপতি ও পৌরসভার ভারপ্রাপ্ত সচিব আবদুর রউফ প্রামাণিক বলেন, ‘আমি নতুন এসেছি, পরে বিস্তারিত জানানো হবে।’ তবে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা স্বীকার করেছেন।এ বিষয়ে রেজাউল হক সরাসরি কিছু বলতে চাননি। কেন জাল এফডিআর দাখিল করলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংক ও পৌরসভা কর্তৃপক্ষই সে বিষয়ে ভালো বলতে পারবে।পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহার আলী বলেন, ‘জাল এফডিআর দাখিলের কারণে রিয়া এন্টারপ্রাইজকে হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য আবার দরপত্র আহ্বান করা হবে।’ তবে এ অপরাধের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।