সাংসদের ভাগনেকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়ালের ভাগনে মোহাম্মদ আলীকে (১৯) হত্যার হুমকি দিয়ে কাফনের কাপড়ে লেখা চিঠি পাঠানো হয়েছে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) পরিচয়ে মোহাম্মদ আলীর শহরের মাছিমপুর এলাকার বলাকা ক্লাব সড়কের বাসায় গত শনিবার রাতে এ চিঠি পাঠানো হয়। মোহাম্মদ আলী সম্প্রতি এইচএসসি পাস করেছে। তার বাবা আ. হাকিম প্রকৌশলী এবং মা মর্জিনা হাকিম বাংলাদেশ মানবাধিকার ইউনিটি পিরোজপুর জেলা কমিটির সভানেত্রী। চিঠিতে লেখা আছে, ‘আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আপনার একমাত্র ছেলেকে আল্লাহর পথে কোরবানি দেওয়ার হুকুম নাজিল হয়েছে। তাই আপনাদেরকে অবহিত করা হচ্ছে, আগামী ১৫ থেকে ১৮ দিনের মধ্যে এই হুকুম কার্যকর করা হবে। আমাদের অনেক আত্মঘাতী সদস্য আছে, তারা এই আল্লাহর হুকুম পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই চিঠিকে কাফনের কাপড় হিসাবে পাঠালাম, আশা করি গুরুত্বের সাথে নিবেন।’ চিঠিতে প্রেরক হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা), বরিশাল জোনের কথা উল্লেখ আছে। চিঠির লেখায় অসংখ্য বানান ভুল। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ওই রাতে তাঁদের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’ মোহাম্মদ আলীর একমাত্র ভাই রাব্বি কয়েক বছর আগে আত্মহত্যা করেন।