সাংসদের ভাতিজা, আ.লীগ নেতারা সুবিধাভোগী
খুলনা জেলার বিভিন্ন উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এতে দরিদ্রদের পরিবর্তে সচ্ছল ব্যক্তি, সাংসদের ভাতিজা ও আওয়ামী লীগের নেতাদের নাম রাখা হয়েছে।প্রকল্পের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, তালিকায় প্রথমে অগ্রাধিকার পাবে নারীপ্রধান পরিবার অথচ অতি দরিদ্র। এরপর যথাক্রমে ৩০ শতকের কম জমির মালিক এমন দরিদ্র, দরিদ্র পরিবার যাদের সর্বোচ্চ এক একর জমি আছে। ইউনিয়ন পরিষদের সদস্য ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাঠকর্মীরা মিলে প্রাথমিকভাবে এ তালিকা তৈরি করবেন।খোঁজ নিয়ে জানা গেছে, পাইকগাছায় খুলনা-৬ আসনের সাংসদের বড় ভাইয়ের দুই ছেলে আকতার সানা ও মেহেদী সানা, সচ্ছল পল্লি চিকিৎসক রাশেদ, গড়ইখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুবের নাম প্রকল্পের তালিকায় রাখা হয়েছে।খুলনা-৬ আসনের সাংসদ সোহরাব হোসেন সানা বলেন, ‘ওই প্রকল্পের তালিকায় আমার ভাতিজাদের নাম থাকলে আমি ব্যবস্থা নেব।’প্রকল্পের মাঠকর্মী সুকুমার সরকার বলেন, ‘আমরা মোটামুটিভাবে একটি তালিকা করে দিয়েছিলাম। কাকে রাখা হবে এবং কাকে রাখা হবে না তা নির্ধারণ করার দায়িত্ব ট্যাগ অফিসারের। আমার কিছুই করার নেই।’গড়ইখালি ইউনিয়নের ট্যাগ অফিসার (উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) ইসতিয়াক খন্দকার বলেন, ‘সব সময় চেষ্টা করেছি সঠিক কাজটি করতে। কিন্তু কিছু চাপের কারণে একটু সমস্যা হয়েছে।’উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমান বলেন, তালিকা শতভাগ সঠিক হয়েছে এমন বলা যাবে না। তবে কমিটিতে যাঁরা থাকেন তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হয় বলে কিছু করার থাকে না।ডুমুরিয়া উপজেলায় প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে রুদাহঘরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবর আলী মোল্লা, একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার সরদার ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরুণকান্তি মল্লিক চৌধুরী।ডুমুরিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাবিহা খানম বলেন, ‘আমি একা এ তালিকা করিনি। ইউপি চেয়ারম্যান ও সদস্য এবং মাঠকর্মীরা মিলে এ তালিকা করেছেন। তবে এ তালিকায় কিছু অনিয়ম হতে পারে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে।’দীঘলিয়া উপজেলার ঘোষগতী গ্রামের সচ্ছল ব্যক্তি আনসার আলী ও সোহেল বিশ্বাসকে এই তালিকায় রাখা হয়েছে। উপজেলার ক্যাবল ঘাট বাজারে আনসার আলীর একটি চায়ের দোকান ও সোহেলের একটি কাপড় সেলাইয়ের দোকান আছে।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকিয়া ইসলাম বলেন, চিঠি দিয়ে সভা করে তালিকা করা হয়েছে। ওই সময় তারা তথ্য গোপন করেছে। তালিকায় অন্তর্ভুক্ত করা লোকজন বলেনি তারা সচ্ছল।রূপসা উপজেলার জাবুসা গ্রামের ফরিদ শেখের দোতলা ভবন ও জোয়ার গ্রামের মাহফুজুর রহমানের ১৪-১৫ বিঘা জমি আছে। তাঁদের এ প্রকল্পের তালিকায় রাখা হয়েছে। এ তালিকায় রয়েছে শ্রীফলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল রহমান।নাম প্রকাশ না করার শর্তে বিআরডিবির একজন মাঠকর্মী বলেন, ‘ক্ষমতাসীন দলের লোক যা চায় আমরা তা-ই করি।’ রূপসা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাফজেল হোসেন বলেন, ‘সবাই মিলে যখন একটি কমিটি করে দেন, তখন আমাদের কিছু করার থাকে না।’বিআরডিবির খুলনা কার্যালয়ের পরিচালক শামসুর রহমান বলেন, আগে কিছু অনিয়ম হতে পারে, তবে বর্তমানে কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই।