সাংসদের ভয়ে শিক্ষকের বিদ্যালয়ে যাওয়া বন্ধ
মেহেরপুরের গাংনী উপজেলার এইচএমএইচডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামসুল হক স্থানীয় সাংসদের ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। অভিযোগ উঠেছে, মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপিদলীয় সাংসদ আমজাদ হোসেন সম্প্রতি শিক্ষক শামসুল হককে কিল-ঘুষি মেরে বিদ্যালয় থেকে বের করে দেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিক্ষক শামসুল হক জানান, এইচএমএইচডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ওবায়দুল হক সাংসদ আমজাদের আত্মীয় ও স্থানীয় হিন্দা গ্রাম বিএনপির সভাপতি। কিন্তু অক্ষরজ্ঞানসম্পন্ন হলেও বিদ্যালয় পরিদর্শনকালে বা সভায় তাঁকে ‘স্যার’ সম্বোধন করতে হয়। কিন্তু তিনি (শামসুল) তা করেন না। তা ছাড়া তিনি একসময় হিন্দা গ্রাম যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মূলত এসব কারণেই তাঁরা তাঁর ওপর ক্ষিপ্ত। শিক্ষক শামসুল অভিযোগ করেন, গত ২৬ জুন সাংসদ আমজাদ তাঁর দলবল নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি শ্রেণীকক্ষ থেকে তাঁকে ডেকে নিয়ে বলেন, ‘তুই মেয়েদের ইভ টিজিং করিস; প্রমাণ আছে। তাই স্কুল থেকে বের হয়ে যা।’ অভিযোগের প্রতিবাদ করলে সাংসদ তাঁর জামার কলার চেপে ধরে কিল-ঘুষি মারতে মারতে তাঁকে বাইরে নিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, ঘটনার সময় সাংসদের সঙ্গে থাকা যুবদল কর্মী শাহিন, মাসুদ রানা, ইলিয়াস, আলাউদ্দিন, লিটন, মেহেদী হাসান ও সিদ্দিক শিক্ষক শামসুল হককে লাঠি দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেন। তাঁরা শামসুলের মোটরসাইকেল ভাঙচুর করেন এবং তাঁর পকেটে থাকা অর্থ ছিনিয়ে নেন। শিক্ষক শামসুল হক জানান, ঘটনার পর থেকে তিনি প্রাণভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি জানান, গত ২৮ জুন তিনি এ ঘটনায় আদালতে ১০ জনকে আসামি করে মামলা করেছেন। এ ছাড়া উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি লিখিতভাবে জানিয়েছেন।তবে সাংসদ আমজাদ হোসেন দাবি করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ ছিল, শিক্ষক শামসুল ছাত্রীদের ইভ টিজিং করেন। তাই সেদিন বিদ্যালয়ে গিয়ে তাঁকে বের করে দেওয়া হয়েছে। তবে তিনি বা তাঁর লোকজন তাঁকে মারধর করেননি। তবে শিক্ষক শামসুলের বিরুদ্ধে বিদ্যালয়ের কোনো ছাত্রীর ইভ টিজিং বা উত্ত্যক্তের অভিযোগ নেই জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক আবদুল হালিম বলেন, ‘সাংসদ শিক্ষক শামসুল হককে কিল-ঘুষি মেরেছেন। এ ঘটনা সত্য এবং খুবই দুঃখজনক।’গাংনী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইজাজ কায়ছার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে বিষয়টি তদন্ত করা হবে।