সাংসদের মদদে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ভাঙার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কারণ ছাড়াই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী একটি স্কুলের নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। আদালতের নির্দেশনা উপেক্ষা করে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেম মাস্টারের মদদে বোর্ড মূল কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটির হাতেই বিদ্যালয় পরিচালনার দায়িত্ব তুলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।কুমিরা আবাসিক উচ্চবিদ্যালয় নামের ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। অর্ধশত বছর ধরে ওই এলাকায় বিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হচ্ছে।সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম চৌধুরীর মেয়ে হাসিনা খান।হাসিনা খান অভিযোগ করেন, গত ১৬ মে বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে অভিভাবকদের মতবিনিময় সভা চলাকালে মো. গাজী সিকান্দর তাঁর দলবল নিয়ে এসে হামলা চালান। এর পর থেকে সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় কমিটির লোকজনের স্কুলে যাতায়াত বন্ধ হয়ে যায়। ‘কেন সভাপতিকে বোর্ড থেকে অনুমোদন দেওয়া হবে না’—এ বিষয়ে তাঁরা গত ২৪ আগস্ট হাইকোর্টে রিট পিটিশনের মাধ্যমে কারণ দর্শানো নোটিশ পাঠান বোর্ড কর্তৃপক্ষের কাছে। কিন্তু বোর্ড উচ্চ আদালতের এ আদেশের প্রতি তোয়াক্কা না করে এবং বোর্ডের বিধিমালা অনুযায়ী কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই গত ২৫ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। তারা ২৯ সেপ্টেম্বর বিদ্যালয় পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করে দেয়।এদিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংসদ এ বি এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য এসব অপপ্রচার করা হচ্ছে।’ তিনি বলেন, ওই কমিটির বৈধতা নেই বলেই বোর্ড চেয়ারম্যান সেই কমিটি ভেঙে দিয়েছেন। আগের কমিটি ভেঙে দেওয়ার পর যাঁকে কমিটির প্রধান করা হয়েছে, তিনি সাংসদের ঘনিষ্ঠ লোক বলে যে অভিযোগ তোলা হয়েছে, সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সীতাকুণ্ডের সব লোকই তো আমার লোক। গাজী সিকান্দর একজন শিক্ষিত ও যোগ্য লোক। একসময় আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি পরিচালনা কমিটির সভাপতি হলে তো বিদ্যালয়ের উন্নতি হওয়ার কথা।’