সাংসদের মধ্যস্থতায় ভেঙে ফেলা হলো সেই প্রাচীর
চুয়াডাঙ্গায় ক্ষমতার দাপট দেখিয়ে প্রাচীর তুলে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়েছিলেন সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রোকনুজ্জামান। সেই নেতাই আবার নিজ হাতে প্রাচীরটি ভেঙে শিক্ষক-শিক্ষার্থীদের প্রবেশের পথ খুলে দিয়েছেন। এর মধ্য দিয়ে টানা এক সপ্তাহের উত্তেজনার অবসান ঘটেছে।
গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর টগরের উপস্থিতিতে মো. রোকনুজ্জামান তাঁর লোকজন নিয়ে প্রাচীরটি ভেঙে ফেলেন।
এ ব্যাপারে সাংসদ আলী আজগর বলেন, ‘বিদ্যালয়ের ফটকের সামনে থেকে প্রাচীর অপসারণ করতে প্রশাসন ও শিক্ষা বিভাগ কয়েক দিন ধরে চেষ্টা করে আসছিল। বিষয়টি নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় আমি এসে প্রাচীরটি অপসারণসহ চূড়ান্ত সমাধান করে দিলাম।’
যুবলীগ নেতা রোকনুজ্জামান খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের জমি নিজেদের দাবি করে ২৬ ডিসেম্বর প্রাচীর তুলে দেন। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের বিদ্যালয়ে প্রবেশের সুযোগ এবং সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে ৩১ ডিসেম্বর প্রথম আলোয় ‘প্রাচীর তুলে বিদ্যালয়ের ফটক বন্ধ করে দিলেন যুবলীগ নেতা, পাঁচ দিন ধরে শিক্ষক-শিক্ষার্থীদের প্রবেশ ও কার্যক্রম বন্ধ, মানববন্ধন আজ’ শীর্ষক সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
এরপর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মতিন গত রোববার সরেজমিনে তদন্ত করেন। তদন্তকালে ওই শিক্ষা কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিকল্প পথে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন। বই বিতরণ শেষে সবাই ওই বিকল্প পথেই বিদ্যালয় থেকে বের হন। ওই সময় শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা কর্মকর্তার কাছে প্রধান ফটকের সামনে থেকে প্রাচীর অপসারণের দাবি জানান। শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মতিনও বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক সায়মা ইউনুস জেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পুলক কুমার মণ্ডলকে গতকাল সোমবার সরেজমিন গিয়ে সমাধান করতে বলেন। অন্যদিকে স্থানীয় সাংসদ আলী আজগর নিজ উদ্যোগেই ঘটনাস্থলে যান এবং বিবদমান দুটি পক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাৎক্ষণিকভাবে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক থেকে যুবলীগ নেতার সেই প্রাচীর অপসারণ করা হয়।
প্রাচীর অপসারণের সময় অন্যান্যের মধ্যে তিতুদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ফটকের সামনে থেকে প্রাচীরটি অপসারণ করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তন করে দুটি বিদ্যালয়কে একই চত্বরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।